আজ সোমবার, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপির আন্দোলনে অর্ধেক পরাজয় হয়ে গেছে : ওবায়দুল কাদের

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির আন্দোলনে অর্ধেক পরাজয় হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা বলেছিল- ‘নয়াপল্টনে সমাবেশ করবোই।’ আজ তারা গোলাপবাগে। তাহলে পরাজয় কার হলো? আমাদের না বিএনপির? আন্দোলনে অর্ধেক পরাজয় এখানেই হয়ে গেছে।

৯ ডিসেম্বর শুক্রবার বিকেলে রাজধানীর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি। ঢাকায় বিএনপি তাদের সমাবেশে লাঠি বা আগুন নিয়ে আসলে ‘খেলা হবে’ বলে সতর্ক করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, সবাইকে প্রস্তুত থাকতে হবে। সতর্ক পাহারায় থাকতে হবে। কাতারের পাশাপাশি বাংলাদেশেও অপশক্তির বিরুদ্ধে খেলা হবে। অনেক ছাড় দিয়েছি, আর ছেড়ে দেবো না।

তবে ঢাকাবাসীকে আশ্বস্ত করে ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, তারা (বিএনপি) থাকবে গোলাপবাগে। আমরা চলে যাচ্ছি সাভারে। জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নেই। তাদের ঢাকা দিয়ে গেলাম। আমরা ক্ষমতায়। আমরা কেন, অশান্তি চাইবো? আমরা কেন বিশৃঙ্খলা চাইবো? এসময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে গোটা বাংলাদেশ গিলে খাবে। তাদের সেই সুযোগ দেওয়া যাবে না। বিএনপির ক্ষমতায় আসার রঙিন খোয়াব কর্পূরের মতো উবে যাবে।

এসময় কূটনৈতিকদের উদ্দেশে তিনি বলেন, বিভিন্ন দেশের প্রতিনিধি যারা আমাদের দেশে আছেন। বন্ধু দেশের প্রতিনিধিরা কারো পক্ষ নেবেন না। আমাদের ঘরের ভেতরে হস্তক্ষেপ করবেন না। আমরা জানি, কীভাবে গণতন্ত্র রক্ষা করতে হয়। আমি বলিনি, মেঘ চলে যাবে। সমাধান হবে, হয়েছে। বাঙলা কলেজ হয়ে অবশেষে গোলাপবাগ। শুভবুদ্ধির উদয় হয়েছে তাদের (বিএনপির)।

আলোকিত প্রতিদিন/ ০৯ ডিসেম্বর– ২০২২/মওম 

 

- Advertisement -
- Advertisement -