মিল্লাত হাসান:
রংপুরসহ উত্তরের জেলাগুলোতে বইছে শীতের হাওয়া। রাত পেরিয়ে ভোরে শিশিরমাখা ঘাসে ঝলমলে ঝিলিক যেন জানিয়ে দিচ্ছে শীত এসেছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, রংপুর অঞ্চল হিমালয়ের কাছাকাছি হওয়ায় প্রতিবছর আগাম শীত নামে এ অঞ্চলে। ভোরে শীত এবং দিনে গরম অনুভূত হয়। দিন গড়িয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আবারও নামতে শুরু করে শীত। কুয়াশাছন্ন মধ্যরাতে বাড়ে শীতের তীব্রতা। এ কারণে শরীরে ঠান্ডা অনুভূত হয়। এ অঞ্চলে চলতি মাসের মাঝামাঝি বাড়তে পারে শীত।
স্থানীয়রা বলেন, ভোরে সূর্যের দেখা মেলার আগে কুয়াশাছন্ন থাকে চারদিক। এ কারণে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করতে হয়। ধানের শীষে দেখা মেলে শিশির বিন্দু। আবার বেলা গড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা। অনুভূত হচ্ছে হালকা গরম।
এ অঞ্চলের মানুষ বলছেন, বেশ কিছুদিন ধরে ভোরবেলা শীত অনুভূত হচ্ছে। সকালে অনেকেই হালকা গরম কাপড় পরে নিজ নিজ কর্মস্থানে ছুটছেন এবং সড়কে গাড়িগুলো বাতি জ্বালিয়ে চলছে।
উত্তরে শীতের আগমনী বার্তায় কদর বেড়ে গেছে গরম কাপড়ের। বিভিন্ন মার্কেট এবং ফুটপাতে ভিড় জমাচ্ছে ক্রেতারা। শীতের গরম কাপড় দেখেশুনে কিনছেন নিজের জন্য এবং পরিবারের জন্য।
এদিকে আগাম শীতকে ঘিরে লেপ-তোষক বানাতে দোকানগুলোতে ক্রেতাদের আনাগোনা বেড়েছে। বিক্রেতারা জানান চলতি সপ্তাহে ব্যস্ততা আরও বাড়বে।
অন্যদিকে শীতকালীন শাকসবজি চাষে ভাইরাস আক্রমণের আশঙ্কায় রয়েছেন সবজি চাষিরা। কৃষকরা বলেন, শীতের শুরুতে ফসলে নানা রকম ভাইরাসের আক্রমণ হয়।
জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, আগাম হালকা শীতের কারণে শাকসবজিসহ ফসলে বিভিন্ন রোগবালাই দেখা দেয়। এ কারণে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা ফসলের সুরক্ষায় কৃষকদের পরামর্শ প্রদান করছে।
আলোকিত প্রতিদিন/ ২০ নভেম্বর-২০২২/ মওম
- Advertisement -

