আলোকিত ডেস্ক:
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী এবং সুবর্ণজয়ন্তী পালনের উদ্দেশ্যে দলে দলে মিছিল নিয়ে সমাবেশে যোগদান করছেন নেতাকর্মীরা। রাজধানীর শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। ১১ নভেম্বর শুক্রবার দুপুর দুইটা থেকে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেওয়া শুরু করবেন।
সমাবেশে যোগ দিতে ইতোমধ্যেই দেশের বিভিন্ন জেলা ও থানা থেকে নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। দেশের বিভিন্ন জায়গা থেকে আগত নেতাকর্মীদের পদচারণায় মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মল চত্বর, ভিসি চত্বর, শাহবাগ, দোয়েল চত্বর, সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশের এলাকা। এছাড়াও ঢাকা ও তার আশপাশের এলাকা থেকে এখনও আসছে নেতাকর্মীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভিআইপি গেট (ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন গেইট) ছাড়া উদ্যানে প্রবেশের বাকি গেটগুলো খুলে দেওয়া হয়েছে। সবগুলো গেটেই যুবলীগ নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া টহলরত অবস্থায়ও রয়েছে পুলিশের একটি দল।
মানিকগঞ্জ যুবলীগের আহ্বায়ক আবদুর রাজ্জাক রাজা বলেন, আমাদের যুবলীগ আমাদের প্রাণের সংগঠন। সেই প্রাণের সংগঠনের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজকে এই সম্মেলন। আমাদের সকল নেতাকর্মী উচ্ছ্বসিত, আনন্দিত। আশা করছি এই সম্মেলনের মাধ্যমে আমরা সকল অপশক্তির দাঁতভাঙা জবাব দিবো। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দৃঢ় শপথ নেবে যুবলীগ এই সম্মেলন থেকে।
আলোকিত প্রতিদিন/ ১১ নভেম্বর-২০২২/ মওম


