আজ মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ইতালির জর্জিয়া মেলোনিকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৫ অক্টোবর মঙ্গলবার জর্জিয়া মেলোনিকে লেখা এক চিঠিতে তিনি এ অভিনন্দন জানান। চিঠিতে তিনি বলেন, ‘ইতালির প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় আমি বাংলাদেশের জনগণ এবং সরকারের পক্ষ থেকে আপনাকে উষ্ণ অভিনন্দন জানাই।’

শেখ হাসিনা বন্ধুপ্রতিম ইতালির জনগণকে আন্তরিক অভিনন্দন জানান। কারণ তারা জর্জিয়া মেলোনির দূরদর্শী নেতৃত্বের ক্ষেত্রে তাদের ঐতিহাসিক ম্যান্ডেটকে সমর্থন করেছে এবং প্রথম নারী নেতা হিসেবে নির্বাচিত করেছে।

শেখ হাসিনা লেখেন, ‘আমি নিশ্চিত যেসব প্রতিকূলতা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও আপনার ক্যারিশম্যাটিক নেতৃত্বের অধীনে ইতালি অর্থনৈতিক সমৃদ্ধির বৃহত্তর পথ খুঁজে পাবে।’

তিনি বলেন, ‘স্বাধীনতার পর থেকে বাংলাদেশ এবং ইতালি একটি চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক উপভোগ করছে। আমাদের সম্পর্ক অনেক মাত্রায় বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে বিভিন্নভাবে জনগণের মধ্যে যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ এবং আন্তর্জাতিক উদ্বেগের বিষয়গুলোতে সাধারণ অবস্থানের ওপর দৃষ্টি রেখে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কৃষি, আইসিটি, বেসামরিক বিমান চলাচল এবং উৎপাদন শিল্পের মতো অন্যান্য খাতে বিদ্যমান সম্পর্ককে শক্তিশালী করতে আগ্রহী।’ তিনি বলেন, যেহেতু আমরা কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি, আমি বিশ্বাস করি, সহযোগিতার পুরো ধারাকে পুনরুজ্জীবিত করার সময় এসেছে। এই বিষয়ে আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।’

তিনি জর্জিয়া মেলোনির সুস্বাস্থ্য ও বন্ধুপ্রতিম ইতালির জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

সূত্র : বাসস

আলোকিত প্রতিদিন/ ২৬ অক্টোবর-২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -