মানিকগঞ্জে অভিযান চালিয়ে ৩১ বোতল ফেনসিডিলসহ চঞ্চল মিয়া (৩৫) নামে একাধিক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। বৃহস্পতিবার রাত ১টার দিকে হরিরামপুর উপজেলার বাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চঞ্চল মিয়া ওরফে শাওনুর রহমান চঞ্চল উপজেলার বাল্লা ইউনিয়নের বাস্তা গ্রামের মৃত নুর আলম মিয়ার ছেলে। র্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন বলেন, গ্রেপ্তার চঞ্চল একজন পেশাদার মাদক কারবারি। এছাড়া তিনি আন্তঃজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। তিনি ইতোপূর্বে একাধিক মামলায় অভিযুক্ত আসামি। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাধ্যমে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য এনে পাইকারি এবং খুচরা বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের মাধ্যমে হরিরামপুর উপজেলার বাস্তা এলাকায় অভিযান চালিয়ে তার ঘর থেকে ৩১ বোতল অবৈধ ভারতীয় ফেন্সিডিল জব্দসহ তাকে গ্রেপ্তার করা হয়। চঞ্চলের বিরুদ্ধে ডাকাতি ও মাদক মামলাসহ মোট চারটি মামলার তথ্য পাওয়া গেছে। হরিরামপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওই র্যাব কর্মকর্তা।
আলোকিত প্রতিদিন/ ১৪ অক্টোবর-২০২২/ মওম

