ইমরান নাজির, আঞ্চলিক প্রতিনিধি (মানিকগঞ্জ):
মানিকগঞ্জের ঘিওরের নালী ইউনিয়নে দুইটি অবৈধ ড্রেজার বসিয়ে চলছে মাটি ও বালু উত্তোলন। এসব অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে কৃষিজমি। এ বিষয়ে স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সরেজমিনে দেখা যায়, নালী ইউনিয়নের দিয়াইল মৌজার চকে অবৈধভাবে ডেজার বসিয়ে অবাধে বালু উত্তোলন করছেন গাংডুবি গ্রামের ড্রেজার ব্যবসায়ী ইউনুছ। অপরদিকে শোলধারা মৌজার চকে অবৈধভাবে ড্রেজার মেশিন চালাচ্ছেন একই গ্রামের ড্রেজার ব্যবসায়ী মানিক। এসব ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি ও পুকুর থেকে অবাধে মাটি ও বালু উত্তোলন করে বিভিন্ন জায়গা ভরাট করছেন এসকল অসাধু ব্যবসায়ীরা । এতে করে পাশের কৃষিজমি ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

ইউনুছের নিকট ড্রেজার চালানোর অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি জানান, ম্যানেজ না করে কি আমরা ড্রেজার চালাতে পারি। আপনারাতো সব বুঝেন ভাই। তবে নিউজ করার দরকার নাই। পরে আপনার সাথে যোগাযোগ করবো।
শোলধারা গ্রামের ড্রেজার ব্যবসায়ী মানিক এ বিষয়ে জানায়, এইটা তো আমার পার্সোনাল জায়গা। আমি দুই বছর ধরে এইখানে ড্রেজার চালাইতেছি। শুধু এইখানেতো ড্রেজার চলতাছে না, নদীতেওতো চলতেছে।
এরপর তিনি হুমকির সুরে বলেন, ভাই শুধু ড্রেজার দেখলেন? ইয়াবাও তো নিষিদ্ধ! কই ওগুলোর নিউজ তো করেননা।
এ বিষয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান মুঠোফোনে জানান, আমরা ইতিমধ্যে কেল্লাই ও নালীতে অভিযান চালিয়েছি। গত সপ্তাহেও অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছি। অবৈধ ড্রেজার চালানোর কোন সুযোগ নেই। এসব অবৈধ ড্রেজারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আলোকিত প্রতিদিন/১৩ অক্টোবর -২২/এসএএইচ

