সাইফুল ইসলাম:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোলে দুই হাজার পিস ইয়াবাসহ মো. শহীদ (১৯) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গতকাল রাতে মহাসড়কের লালপোল থেকে তাকে আটক করা হয়। আটক শহীদ কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা খালেদ হোসেনের ছেলে।
আটক শহীদের বরাত দিয়ে ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, রোহিঙ্গা একটি গ্রুপ নিয়মিত ফেনীতে মাদকের চালান নিয়ে আসা-যাওয়া ছিল। লালপুলে এসে তারা চালানটি হস্তান্তর করে কক্সবাজার চলে যেত। তবে লালপুল ও মোহাম্মদ আলী বাজারে কাদের হাতে মাদক হস্তান্তর করত তাদের নাম সে জানত না। মোবাইল ফোনে যোগাযোগর মাধ্যমে চালান হস্তান্তর করা হতো।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের লালপোল এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হয়। এ সময় শহীদের সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ থেকে ১০ প্যাকেটে ২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
ফেনীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান শরীফ বলেন, লালপুল থেকে ইয়াবাসহ আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
- Advertisement -

