নিজস্ব প্রতিবেদক:
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে জাতিসংঘে আলোচনা হচ্ছে। রাশিয়ার নিন্দা জানিয়ে একটি রেজুলেশন মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে ভোটে দেওয়ার সম্ভাবনা আছে। এই ভোটে বাংলাদেশের অবস্থান কী হবে সেটি নিয়ে মুখ খুলছে না পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমরা পক্ষে, বিপক্ষে বা ভোটে বিরত থাকবো কিনা সেটি আমি বলবো না।’
নিজেদের মধ্যে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা ভোটগুলো অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে দিয়েছি। যদি ভোট হয় তাহলে আমরা বিচক্ষণতার সঙ্গে দেবো।
যুদ্ধের ফলে পৃথিবীর বিভিন্ন দেশে নানা ধরনের সমস্যা হচ্ছে। মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে এবং সাপ্লাই চেনে সংকট তৈরি হয়েছে। এজন্য আমাদের বক্তব্য হচ্ছে আমরা যুদ্ধ চাই না।
তিনি বলেন, যে ধরনের পরিস্থিতি তৈরি হোক, সেগুলোতে যদি যুদ্ধ বন্ধ করার ইঙ্গিত দিতে পারে, আলোচনার সুযোগ তৈরি করতে পারে, তাহলে আমরা খুব খুশি হবো। কারণ, যুদ্ধটা অনেক দিন চলমান থাকলে আমাদের অনেক ক্ষতি হবে।
- Advertisement -


১১ অক্টোবর মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে রাশিয়া-ইউক্রেন ইস্যুতে বাংলাদেশের অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমাদের নিজস্ব নীতি আছে এবং আমরা সেই অনুযায়ী কাজ করবো। আমরা জাতিসংঘ সনদে বিশ্বাস করি এবং জাতিসংঘের সমর্থক। আমাদের দেশের স্বার্থের জন্য মঙ্গলকর, আমাদের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেবো।