ইমরান নাজির :
মানিকগঞ্জের শিবালয় থানা ভবন প্রাঙ্গণে বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থানে শারদীয় দূর্গা পূজায় নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়। সমাবেশে উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি, সম্পাদক, মসজিদের ঈমাম-মুয়াজ্জিন, স্কুল-কলেজ-মাদ্রাসা প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, মানবাধিকার সংগঠন নেতৃবৃন্দসহ সুধী সমাজের প্রায় তিন শতাধিক লোক অংশ নেন।
অনুষ্ঠানে সদ্য পদন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান প্রধান অতিথি ছিলেন। শিবালয় থানার অফিসার ইনচার্জ শাহনূর এ আলম সভাপতিত্ব করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার অপু মোহন্ত, নূরজাহান লাবনী, উপজেলা পুলিশিং ফোরাম সভাপতি আব্দুর রহিম খান, প্রেসক্লাব সভাপতি বাবুল আকতার মঞ্জুর, পূজা উদ্যাপন পরিষদ সভাপতি রথীন সাহা, সম্পাদক সুকুমার সরকার, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস এবং ইউপি চেয়ারম্যান আব্বাস আলী প্রমূখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে পূজারীদের উদ্দেশ্যে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ বলেন, শিবালয় উপজেলায় এবার ৯১টি মন্ডপে শারদীয় দূর্গা পূজার প্রস্তুতি চলছে। যা অতিত রেকর্ডের চাইতে অনেক বেশি। প্রতিটি মন্ডপে নিরাপত্তা নিশ্চিতে মন্দির প্রাঙ্গণে সিসি টিভি ক্যামেরা স্থাপন করতে হবে। মসজিদে আযান-নামাজের সময়ে শব্দযন্ত্র বন্ধ রাখতে হবে। মন্ডপে আগত পূণ্যার্থী ও দর্শনার্থীরা ভারি ব্যাগ-পুটুলি বহন যাতে না করে সে দিকে নজর রাখতে হবে। গাড়ী বা মোটর সাইকেল শোভাযাত্রা না করাসহ পুজার শেষ দিনের নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা বিসর্জনসহ সকলকে অবশ্যই নানা বিধিবিধান মেনে চলতে হবে।
আলোকিত প্রতিদিন/ ২২ সেপ্টেম্বর ,২০২২/ মওম

