প্রতিনিধি,জামালপুর:
বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে। যারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদেরকে চিহিৃত করে দ্রুত ব্যবস্থাগ্রহণ করতে।
বুধবার দুপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন এমপি এসব কথা বলেন। জামালপুর জেলা প্রশাসকের সভাকক্ষে দিনব্যাপী এ কর্মশারার আয়োজন করা হয়।
মোজাফফর হোসেন এমপি আরও বলেন, মাদকসেবী ও কারবারিদের সামাজিকভাবে বয়কট করতে হবে। যার যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রতিটি গ্রামে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে নিয়মিত অভিযান চালাতে হবে। আর তাদেরকে স্থানীয় জনপ্রতিনিধিরা সহযোগিতা করবে। প্রধানমন্ত্রীর নির্দেশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম প্রমুখ। কর্মশালায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশ নেন।
- Advertisement -

