নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে গতবছর রেকর্ড পরিমাণ বাণিজ্য হয়েছে এবং এই ধারা অব্যাহত আছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি-জ্যাং কিউন। মঙ্গলবার (২১) ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আয়োজিত ডিক্যাব টকে তিনি এ কথা জানান। রাষ্ট্রদূত বলেন, ‘গত বছর দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে ২৩০ কোটি ডলার। এর আগে রেকর্ড বাণিজ্য হয়েছিল ২০১১ সালে এবং ওই বছর বাণিজ্য হয়েছিল ১৮০ কোটি ডলার।’
কোভিড এবং বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও এ বছর জুলাই পর্যন্ত দুই দেশের মধ্যে বাণিজ্য হয়েছে ১৮০ কোটি ডলার এবং এটি অত্যন্ত উৎসাহব্যঞ্জক বলে তিনি জানান।
দক্ষিণ কোরিয়ায় প্রতিবছর বাংলাদেশি কর্মীরা বিভিন্ন কাজের জন্য যেয়ে থাকে এবং সাধারণভাবে এর সংখ্যা দুই হাজারের মতো হয়ে থাকে। কিন্তু এ বছর এ সংখ্যা চার হাজারের মতো হতে পারে।
রাষ্ট্রদূত বলেন, ‘কোভিডের সময়ে শ্রমিক পাঠানো বন্ধ ছিল, কিন্তু আমরা গত সেপ্টেম্বরে এটি আবার চালু করেছি। এ বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত তিন হাজারের মতো শ্রমিক চলে গেছে এবং এ সংখ্যা এ বছর চার হাজার হতে পারে বলে আশা করি।’
দক্ষিণ কোরিয়ায় এখন প্রায় ১০ হাজারের মতো বাংলাদেশি কর্মরত আছে এবং তারা বছরে প্রায় ২০ কোটি ডলারের মতো রেমিট্যান্স পাঠায় বলে তিনি জানান।আগামী পাঁচ বছরে দক্ষিণ কোরিয়া ৩০০ কোটি ডলার সহায়তা দেবে বাংলাদেশকে। উদাহরণ হিসাবে তিনি বলেন, ‘পদ্মা ব্রিজ হাইওয়েতে ইনটেলিজেন্ট ট্রাফিক সিস্টেম স্থাপন করছে দক্ষিণ কোরিয়া এবং এর উদ্দেশ্য হচ্ছে স্বাভাবিক গাড়ি চলাচল নিশ্চিত করা। এই সিস্টেম কোরিয়ায় ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
তিনি বলেন, ‘দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় ঢাকায় একটি টেকনিক্যাল ইনস্টিটিউট আছে। এখন আমরা সিলেট এবং খুলনায় আরও দুটি খোলার চিন্তা করছি।’
- Advertisement -

