নিজস্ব প্রতিবেদক:
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীসহ দেশের প্রত্যেক বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ টেলিভিশন উপকেন্দ্র স্থাপন করছেন। এসব উপকেন্দ্রে স্থানীয় অনুষ্ঠান ধারণ করে সম্প্রচার করা হবে, যাতে স্থানীয় সংস্কৃতি বিকশিত হয়।’ ৩০ আগস্ট মঙ্গলবার বেলা পৌনে ১১টায় বাংলাদেশ টেলিভিশনের ‘দেশব্যাপী ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচার’ শীর্ষক প্রকল্পের আওতায় নাটোর উপকেন্দ্রে নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বাংলাদেশ টেলিভিশনের নাটোর উপকেন্দ্র চালু করেন। ওই সময়ে সীমিত আকারে নাটোর উপকেন্দ্র থেকে স্থানীয় অনুষ্ঠান সম্প্রচার করা হতো। এখন নতুন ভবন নির্মানের ফলে উপকেন্দ্রের কার্যাবলী আরও সম্প্রসারণ হবে।
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। আর বিএনপি-জামায়াত চায় দেশের ধ্বংস। তারা ২০১৩ থেকে ২০১৫ সালে মানুষের ওপর আক্রমণ করেছিল। পেট্রোল বোমা নিক্ষেপ করেছিল। অবরোধের নামে মানুষের মানবাধিকার লংঘন করেছিল।’ তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি রাজনীতির নামে আবার যদি ভাঙচুর, বিশৃঙ্খল, মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও করে, তাহলে জনগণের নিরাপত্তা বিধানে ব্যবস্থা নেবে সরকারের প্রশাসন। রাজপথে নাশকতা করা হলে আওয়ামী লীগের নেতাকর্মীরাও জনগণের পাশে থাকবে। নাশকতা প্রতিহত করা হবে।’
বিএনপি এবং জামায়াতের ‘সম্পর্ক ছিন্নের’ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিএনপি-জামাতের ঐক্য আছে ও থাকবে। এনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রশ্নের জবাবে নিশ্চুপ থেকে বিএনপি-জামায়াতের ঐক্যকে অবিচ্ছেদ্য বলে শিকার করে নিয়েছেন।’
নাটোর উপকেন্দ্রে নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস, বিটিভি’র মহাপরিচালক সোহরাব হোসেন, জেলা প্রশাসক শামীম আহমেদ প্রমুখ।।
জানা গেছে, প্রায় দুই কোটি দুই লাখ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে নতুন ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। তিন তলা বিশিষ্ট নবনির্মিত টেলিভিশন উপকেন্দ্র ভবনের প্রথম তলায় বৈদ্যুতিক উপকেন্দ্র, দ্বিতীয় তলায় সম্প্রচার ও নিয়ন্ত্রণ কক্ষ এবং তৃতীয় তলায় অফিস কক্ষ থাকছে।
আলোকিত প্রতিদিন/ ৩০ আগস্ট ,২০২২/ মওম
- Advertisement -

