আজ রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

দৌলতদিয়া পদ্মায় ধরা পড়ল বিপন্ন প্রজাতির ২৭ কেজির বাঘাইড়

আরো খবর

সোহেল রানা চৌধুরী: 
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মানদীতে জেলের জালে ২৭ কেজি ওজনের বিপন্ন প্রজাতির একটি বাঘাইড় বা বাগাড় মাছ ধরা পরে।
 ২৭ জুলাই  বৃহস্পতিবার ভোর ৬টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা মেঘনার মোহনায় স্থানীয় জেলে নিমাই হালদারের জালে মাছটি ধরা পড়ে।পরে সকালে মাছটি দৌলতদিয়া ফেরিঘাটে মাছের আড়তে আনা হলে উন্মুক্ত দরে মাছ ব্যবসায়ী মো: চান্দু মোল্লা মাছটি ১ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ৩৩ হাজার টাকা দিয়ে কিনে নেন। পরে মাছটি ৩৫ হাজার ৭৫০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে। সংশ্লিষ্ট সুত্রমতে,বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২২-এর তফসিল অনুযায়ী, বাঘাইড়কে বিপন্ন প্রজাতির মাছ হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং এর শিকার ও বেচাকেনা নিরুৎসাহিত করা হয়েছে।
ধরা পড়া বাঘাইড়টি একটি বিপন্ন প্রজাতির মাছ। এ ধরনের মাছ শিকার নিরুৎসাহিত করা হলেও গোয়ালন্দের পদ্মানদীতে প্রায়ই জেলেদের জালে বাঘাইড় মাছ ধরা পড়ছে। প্রকাশ্য নিলামের মাধ্যমে এই মাছ বিক্রিও হচ্ছে। তবে এ ধরনের মাছ শিকার বা বিক্রি বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ অদ্যাবধি দেখা যায়নি। মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মোবাইলে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি তিনি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে সর্বমোট ৩৫ হাজার ৭৫০ টাকায় বিক্রি করেন। তিনি আরো বলেন, ‘আমরা সারা বছর মাছবাজার বা ফেরিঘাটে জেলেদের নিয়ে আসা মাছ নিলামে কিনি। কখনো মৎস্য বিভাগ, পুলিশ বা সরকারি কোনো দফতর নিষেধ করেনি। আমরা ব্যবসায়ী, মাছ বাজারে উঠলে কিনে অন্যত্র বিক্রি করে কিছু টাকা লাভ করে সংসার চালাই।’ জেলে নিমাই হালদার বলেন, অনেক দিন পর এত বড় মাছটি পেয়ে অনেক ভালো লাগছে। মাছটির ভালো দাম পাওয়ায়, কিছু দায়-দেনা হয়েছি, তা পরিশোধ করতে পারব।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো: রেজাউল শরীফ বলেন, পদ্মা নদীতে মাঝে-মধ্যে বড় বড় মাছ ধরা পড়ে। এটা শুধু জেলেদের নয়, এই অঞ্চলের জন্য অনেক সুখবর। তবে বাঘাইড় বা বাগাড় মাছ শিকারে নিষেধাজ্ঞার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট পরিপত্র না থাকায় তেমন কিছু করতেও পারছি না। তবে জেনেছি এটা বিপন্ন প্রজাতির মাছ। এ বিষয়ে আরো খোঁজ-খবর নিয়ে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আলোকিত প্রতিদিন/ ২৮ জুলাই ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -