প্রতিনিধি,শাজাহানপুর(বগুড়া)
বগুড়ার শাজাহানপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে চলন্ত বাসের ধাক্কায় একজন নিহত: ১ আহত সেনা-সদস্যসহ ৮জন । ৬জুলাই বেলা ১২টায় বগুড়া-নাটোর মহাসড়কের শাজাহানপুর উপজেলার বয়ড়াদীঘি নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।জানাগেছে, রংপুর থেকে ছেড়ে আসা বরিশালগামী তুহিন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-১৩০১) একটি বাস বয়ড়াদীঘি নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাকের পিছনে (যশোর-ট – ১১-৫৭৮৮) ধাক্কা দেয়। এতে বাসের বাম পার্শ্বের বেশ কিছু অংশ দুমড়ে মুচড়ে ট্রাকের বডিতে ঢুকে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজনও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অজ্ঞাত (৪৫) এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
আহত ৮জনের মধ্যে ২জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। অপর আহতদের মধ্যে ২জন সেনা সদস্য, ১জন বিজিবি সদস্যসহ ৩জন চিকিৎসাধীন রয়েছেন। বাসের যাত্রীরা জানান, বাসটি বগুড়ার শাকপালা বাসস্ট্যান্ডে যাত্রা বিরতির পর বেপরোয়া গতিতে চালিয়ে যাচ্ছিলেন। সড়ক দুর্ঘটনার পরপরই বাসের চালক সেখান থেকে পালিয়ে যায়। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (ছিলিমপুর) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শামিম হোসেন বলেন, নিহত একজনের মরদেহ মর্গে রাখা হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি।
আলোকিত প্রতিদিন/ ০৬ জুলাই ,২০২২/ মওম

