ক্রীড়া ডেস্ক :
ঘরের মাঠে কিংবা প্রতিপক্ষের ঘরে- বাংলাদেশের বিপক্ষে শেষ দুই সিরিজই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। গত বছর বাংলাদেশ থেকে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে তারা। আর ২০১৮ সালে ঘরের মাঠে টাইগারদের উড়িয়েই দিয়েছিল ক্যারিবীয়রা। শুধু মুখোমুখি লড়াই নয়, বাংলাদেশের বর্তমান ফর্মও ওয়েস্ট ইন্ডিজের জন্য অনুপ্রেরণার হতে পারে। কেননা সবশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে সিরিজ হেরেছে টাইগাররা। দক্ষিণ আফ্রিকা সফরের দুই টেস্টের দ্বিতীয় ইনিংসে তারা অলআউট হয়েছে মাত্র ৫৩ ও ৮০ রানে। সবমিলিয়ে চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে আট ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার নিচে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে সাত ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ক্যারিবীয়রা রয়েছে ছয় নম্বরে। বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে সতর্ক উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ক্যারিবীয় অধিনায়ক বলেছেন, ‘আমার জন্য সবচেয়ে বড় বিষয় হলো, আমরা তাদের ছোট করে দেখতে পারবো না। তারা বিশ্বের সেরা তিন দলের একটি নয় মানে এমন না যে আমরা তাদের গুঁড়িয়ে দেবো। তিনি আরও বলেন, ‘আমার মতে, ইংল্যান্ডের বিপক্ষে আমরা ভালো করেছি। প্রতি ম্যাচেই একজন ব্যাটার সেঞ্চুরি করতে পেরেছে। আমি মনে করি এটি খুব ভালো। তাই বলে আমরা এটি ভাবতে পারি না যে প্রতিপক্ষ বাংলাদেশ দেখে আমরা সহজেই সেঞ্চুরি পেয়ে যাবো।’
আলোকিত প্রতিদিন / ১৬ জুন ,২০২২/ মওম

