ইউক্রেনের পর রাশিয়ার পরবর্তী টার্গেট ন্যাটো সদস্য রাষ্ট্র পোল্যান্ড হতে পারে জানিয়েছে ক্রেমলিনপন্থী একটি রুশ টেলিভিশন চ্যানেল। রাশিয়া-১ টিভির উপস্থাপক ওলগা স্কাবিভা তার ‘৬০ মিনিটস’ শোতে ডেইলি বিস্টের সাংবাদিক জুলিয়া ডেভিসকে উদ্ধৃত করে বলেন, রাশিয়ার উচিত ইউক্রেনের পর পশ্চিমা দেশগুলোকে গুড়িয়ে দেওয়া, আর তা শুরু হতে পারে প্রতিবেশি দেশ পোল্যান্ড দিয়ে। উপস্থাপক ওলগা স্কাবিভা বলেন, ‘আমার কাছে কিছু অপ্রীতিকর খবর আছে.. আমরা পদ্ধতিগতভাবে যে অস্ত্রগুলো [ইউক্রেনে] সরবরাহ করা হচ্ছে তা ধ্বংস করতে পারলেও, যুক্তরাষ্ট্র যে পরিমাণে সেগুলো পাঠাচ্ছে তা আমাদের কিছু বৈশ্বিক সিদ্ধান্তে আসতে বাধ্য করছে। ক্রেমলিনপন্থী এই উপস্থাপক আরও বলেন, ‘সম্ভবত এটি স্বীকার করার সময় এসেছে যে ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযান শেষ হয়েছে, এই অর্থে যে একটি সত্যিকারের যুদ্ধ শুরু হয়েছে: তৃতীয় বিশ্বযুদ্ধ। আমরা পুরো ন্যাটো জোটের নিরস্ত্রীকরণ পরিচালনা করতে বাধ্য হয়েছি।’ ন্যাটোর আর্টিকেল ৫ অনুযায়ী কোনও মিত্রের ওপর হামলা পুরো জোটের ওপর হামলা বলে বিবেচিত হবে। আর সেকারণে রাশিয়া যদি ন্যাটো সদস্য পোল্যান্ডে হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ৩০ জাতির পুরো জোটের সঙ্গে সরাসরি লড়াই শুরু হতে পারে। অনুষ্ঠানের আরেক অতিথি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপ্লোম্যাটিক অ্যাকাডেমির সদস্য ভ্লাদিমির আভাটকভ উপস্থাপককে থামিয়ে বলেন, ‘আপনি তৃতীয় বিশ্বযুদ্ধের কথা উল্লেখ করেছেন এবং ইউক্রেনের ভূখণ্ডে আমেরিকানরা এবং পোলস যেভাবে কাজ করছে-আসলে, আমাদের ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিনের কথা মনে রাখতে হবে, যিনি বলেছিলেন যদি কেউ বিশেষ সামরিক অভিযানে হস্তক্ষেপ করার চেষ্টা করবে তাকে ভারি মূল্য দিতে হবে।’ এসময় উপস্থাপক ওলগা স্কাবিভা বলেন, ‘আমরা ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিনের এই কথাগুলো কখনও ভুলে যাইনি, তবে বিপুল সংখ্যক মানুষ ইতিমধ্যেই লাইনে দাঁড়িয়ে আছে, ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার বিশেষ অভিযানে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। আমাদের পদক্ষেপ নিতে হবে-কিন্তু পারমাণবিক হামলা না করে কীভাবে আমরা পদক্ষেপ নিতে পারি তা আমরা এখনও ঠিক করতে পারিনি’।অনুষ্ঠানের আরেক অতিথি এবং রুশ আইনপ্রণেতা ওলেগ মেতভিয়েচেভ বলেন, ‘পোল্যান্ড যদি কোনও হস্তক্ষেপ শুরু করে..এর বর্তমান সীমানা মূল্যহীন হয়ে পড়বে’।পোলিশ সরকারি রেডিও ২৯ মে জানিয়েছে, ইউক্রেনে ১৮ এএইচএস ক্রাব সেলফ- প্রোপেলড হাউইটজার ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছে। উপস্থাপক ওলগা স্কাবিভা বলেন তিনি চান না রাশিয়ার হস্তক্ষেপ কেবল পোল্যান্ডেই থেমে যাক। তিনি বলেন, আমি কেবল পোল্যান্ড নিয়ে কথা বলছি না, মূলত যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের কথা বলছি তারা লাইনে আছে।’ অতিথি ভ্লাদিমির আভাটকভ বলেন, ‘তাড়াহুড়ার দরকার নেই। সব কিছুর লাইন আছে। সবকিছু সময়েই হবে!’
আলোকিত প্রতিদিন / ০২ জুন ,২০২২/ মওম সূত্র: নিউজ উইক

