ইউক্রেনের সেভেরোডোনেটস্ক শহরের কেন্দ্রস্থলে চেচেন যোদ্ধাদের একটি ভিডিও পোস্ট করেছেন চেচনিয়ার নেতা রমজান কাদিরভ। ৩১মে মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। টুইটারে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, চেচেন যোদ্ধারা শহরের মাঝখান দিয়ে হাঁটছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তারা কথা বলছে। একটি ভবন থেকে ইউক্রেনের পতাকা সরিয়ে ফেলতেও দেখা গেছে । রমজান কাদিরভের পোস্ট করা ভিডিওর পটভূমিতে বিস্ফোরণের শব্দ শোনা যায়, যেন বাসিন্দারা তাদের ‘মুক্ত করার’ জন্য চেচেন যোদ্ধাদের স্বাগত জানাচ্ছে। লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই বলেছেন, বিরোধী পক্ষের কিছু সশস্ত্র ব্যক্তি শহরে প্রবেশ করেছিল। তবে বাসিন্দাদের পক্ষ থেকে তাদের স্বাগত জানানোর দৃশ্যটি সাজানো। এমন সময়ে চেচেন নেতা এই ভিডিও প্রকাশ করলেন যার কদিন আগেই ইউক্রেনকে সহযোগিতার কারণে পোল্যান্ডে রুশ হামলার হুমকি দিয়েছেন তিনি। গত ২৫ মে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ওই ভিডিওতে তিনি বলেন, ইউক্রেন ইস্যু শেষ হয়ে গেছে। আমি পোল্যান্ড নিয়ে আগ্রহী। প্রতিবেশী দেশকে (ইউক্রেন) সরবরাহ করা অস্ত্র তাদের ফিরিয়ে নেওয়া উচিত। কাদিরভ বলেন, ইউক্রেনের পর নির্দেশ দেওয়া হলে ছয় সেকেন্ডের ভেতর আমরা দেখিয়ে দেবো কী করতে পারি। আপনাদের (পোল্যান্ড) উচিত সরবরাহ করা অস্ত্র এবং ভাড়াটে যোদ্ধাদের ফিরিয়ে নেওয়া এবং আমাদের রাষ্ট্রদূতের সঙ্গে যা করেছেন সেজন্য সরকারিভাবে ক্ষমা চাওয়া। কাদিরভ যে রাষ্ট্রদূতের প্রসঙ্গ তুলেছেন তিনি পোল্যান্ডে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই আন্দ্রিভ। এই মাসের শুরুতে পোল্যান্ডের রাজধানীতে সোভিয়েত সামরিক সমাধি পরিদর্শনের সময় তার মুখে লাল রঙ ছুড়ে মারা হয়েছিল।
সেভেরোডোনেটস্ক শহরের কেন্দ্রস্থলে চেচেন যোদ্ধাদের ভিডিও পোস্ট করেছেন কাদিরভ
- Advertisement -

