ক্রীড়া ডেস্ক
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকছেন না বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এ সফর থেকে নিজের অনুপস্থিতির কথা এরই মধ্যে বিসিবিকে জানিয়েছেন তিনি। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে এ খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষস্থানীয় পরিচালক এবং টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সুজন বলেছেন, ‘হ্যাঁ ওয়েস্ট ইন্ডিজ সফরে মুশফিক থাকছে না। সে হজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’ মুশফিক না থাকলে ক্যারিবীয় সফরের টেস্ট সিরিজে বড় ধাক্কাই খাবে বাংলাদেশ। এরই মধ্যে ইনজুরির কারণে টেস্ট থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাঈম হাসান। এ তালিকায় মুশফিকের নামও যোগ হলো। আগামী ৬ জুন এ সফরের উদ্দেশে বাংলাদেশ দলের ঢাকা ছাড়ার কথা রয়েছে। যেখানে দুই টেস্ট, তিন টি-টোয়েন্টি এবং তিন ওয়ানডে খেলবে টাইগাররা।
আলোকিত প্রতিদিন / ২১ মে ,২০২২/ মওম

