আজ সোমবার, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে শিক্ষক  লাঞ্ছনার প্রতিবাদে মহাসড়ক  অবরোধ করে বিক্ষোভ

আরো খবর

প্রতিনিধি, টাঙ্গাইল:

টাঙ্গাইলের কালিহাতীতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটে কর্তৃক শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সল্লা সমবায় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বখাটে শিশিরের বিচারের দাবিতে আধাঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় মহাসড়কের দুইপাশে ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে কালিহাতী থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শিক্ষার্থীরা সকল প্রকার ক্লাস পরীক্ষা বর্জন করে ২৪ ঘন্টার মধ্যে শিশিরকে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। জানা যায়, বিদ্যালয়ের ইংরেজি সহকারী শিক্ষক সুশান্ত কুমার সূত্রধর ( দীপক) ইভটিজিং এর প্রতিবাদ করায় বৃহস্পতিবার সকালে বখাটে শিশির স্কুল প্রাঙ্গণে প্রবেশ করে তাকে শারিরীকভাবে লাঞ্ছিত করে পালিয়ে যায়। শিশির সল্লা গ্রামের সাবেক ইউপি সদস্য আবু নাসিরের ছেলে। এদিকে শিক্ষক লাঞ্ছনার ঘটনা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পরলে তারা একত্রিত হয়ে মহাসড়ক অবরোধ করেন। বিদ্যালয় পরিচালনা ও সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম জানান, বিদ্যালয়ে যাওয়া আসার সময় মাঝে মধ্যেই এই বখাটে শিশির ছাত্রীদের উত্ত্যক্ত করে। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসাথে বখাটে শিশিরের গ্রেপ্তার দাবি করছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাদেক আলী মোল্লা জানান, শিক্ষক লাঞ্ছনার ঘটনা ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হলে শিক্ষকদের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে  বখাটে শিশিরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

আলোকিত প্রতিদিন / ১৯ মে ,২০২২/ মওম 

- Advertisement -
- Advertisement -