প্রতিনিধি,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার দক্ষিণ বাড়ৈপাড়া এলাকার বাসিন্দা পুলিশ হেডকোয়ার্টারের এসআই সাইদুল বাশারের বাড়িসহ তিন বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়েছে। এসময় গ্রামবাসী ধাওয়া করে সাকিব হোসেন নামের ডাকাতদলের এক সদস্যকে আটক করে পুলিশে সোর্পদ করে। গত ৯ এপ্রিল শনিবার রাত সোয়া ২টায় ২০/২২ সদস্যের একদল ডাকাত অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। ডাকাতরা প্রথমে এসআই সাইদুল বাশারের বাড়িতে পরে তার প্রতিবেশি ব্যবসায়ী নাঈম এবং মাসুমের বাড়িতে প্রবেশ করে। বাড়ির কলাপসিবল গেট ভেঙ্গে ডাকাতরা তাদের বসত ঘরে প্রবেশ করে বাড়ির মহিলা এবং শিশুদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। এসময় বাঁধা দিতে গেলে ডাকাতদের অস্ত্রের গুলিতে ব্যবসায়ী মাসুম মিয়া (৩০) গুলিবিদ্ধ এবং ককটেল বিস্ফোরণে টেকপাড়া বাড়ৈপাড়া গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিন (৫২) আহত হয়। ডাকাতরা এসআই সাইদুল বাশারের বাড়ি থেকে নগদ ৪ লাখ ৭০ হাজার টাকা, ১১ ভরি স্বর্ণালংকার ও একটি মোবাইল সেট, নাঈমের বাড়ি থেকে নগদ ২ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার এবং মাসুমের বাড়ি থেকে নগদ ১ লাখ ১০ হাজার টাকা এবং ২ ভরি স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। এক পর্যায়ে বাড়ির লোকজনের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ফাঁকা গুলিবর্ষণ করতে করতে ডাকাতরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ মাসুম মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, ডাকাতির ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। গ্রেফতারকৃত ডাকাতদলের সদস্য কাঞ্চন পৌরসভার চাঁদের টেক গ্রামের আলম হোসেনের ছেলে সাকিব হোসেনকে (২২) আদালতে প্রেরণ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১১ এপ্রিল ,২০২২/ মওম
- Advertisement -

