আজ মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

মেয়ের জন্মদিনে বাবার আত্মহত্যা

আরো খবর

সোহেল রানা চৌধুরী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মেয়ের ২য় জন্মদিনে ইফতারের আগে ফাঁস নিয়ে রুবেল বিশ্বাস (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। সন্ধ্যায় বাড়ির সবাই যখন ইফতার নিয়ে ব্যস্ত তখন সে নিজ ঘরের আড়ার সাথে রশি দিয়ে ফাঁস নেয়। রবিবার উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন গনি মেম্বারেরপাড়ায় এ ঘটনা ঘটে। ওই দিন ছিল রুবেলের একমাত্র মেয়ে রাইসার দ্বিতীয় জন্মদিন। কিন্তু স্ত্রী-সন্তান তার বাড়িতে ছিল না। আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও স্থানীয়দের মতে, পারিবারিক কলহ, বেকারত্ব, স্ত্রী ও একমাত্র সন্তান কাছে না থাকার কারণে রুবেল আত্মহত্যা করে থাকতে পারে।  রুবেলের বাবা সালাম বিশ্বাস বলেন, ৫ বছর আগে অনেক টাকা ব্যয় করে রুবেলকে কাতার পাঠাই। সেখানে থাকতেই সে মোবাইলে হবিগঞ্জের শ্রীমঙ্গল উপজেলার একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। ফলে ২ বছরের মধ্যে সে দেশে ফিরে আসে। আমরাও তাদের সম্পর্ক মেনে নিয়ে তাদের বিয়ে দেই। সে স্থানীয় একটা কারখানায় কাজ নেয়। তবে করোনার কারণে সেখানে ঠিকমতো কাজ হতো না। ওদের একটা ফুটফুটে মেয়ে হয়। ৩ এপ্রিল ছিল মেয়েটার ২য় জন্মদিন। ওই দিনই সে সবার চোখ ফাঁকি দিয়ে ফাঁস নেয়। কিন্তু কেন সে এমন করল তা তিনি বলতে পারেন না বলে জানান।  রুবেলের স্ত্রী সুমাইয়া আক্তার (২২) বলেন, দুই সপ্তাহ আগে সে মেয়েকে নিয়ে বাবার বাড়িতে গিয়েছিল। স্বামীর আত্মহত্যার খবর পেয়ে এসেছে। তাদের মধ্যে কোনো কলহ ছিল না বলে তিনি দাবি করেন। তবে বেকারত্ব নিয়ে রুবেল চরমভাবে হতাশাগ্রস্ত ছিল বলে তিনি জানান। গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ফাঁস নেওয়ার পরপরই পরিবারের লোকজন টের পেয়ে রুবেলকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থা বেগতিক দেখে হাসপাতাল হতে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় অপমৃত্যু মামলা দায়ের হওয়ার কথা। মামলার রেফারেন্স পেলে আমরা ঘটনা তদন্ত করে দেখব।
আলোকিত প্রতিদিন/ ০৫ এপ্রিল, ২০২২/ মওম 
- Advertisement -
- Advertisement -