রাশেদুজ্জামান তাওহীদ
কুড়িগ্রামের চিলমারীতে ঝড়ের তান্ডবে অন্তত ৬০টি বসতবাড়ি, একটি স্কুল এন্ড কলেজ এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে। এসময় ক্ষতিগ্রস্থ হয়েছে বেশ কিছু জমির ভুট্টা ও বোরো আবাদ। উপজেলার নয়াহাট ইউনিয়নে এই ঝড় আঘাত হানে বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবু হানিফা।স্থানীয়রা জানান, ভোরে সেহরি শেষে ফজরের নামাজের পর হঠাৎ ঝড় ও বাতাসের আঘাতে ইউনিয়নের অন্তত ৬০টি পরিবারের বসতবাড়ি ক্ষতিগ্রস্থ হয়। এসময় ইউনিয়নের দক্ষিণ খাউরিয়া স্কুল এন্ড কলেজ ও চর খেদাইমারী প্রাথমিক বিদ্যালয় ভবনও ক্ষতিগ্রস্থ হয়। তবে ঝড়ে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। নয়ারহাট ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু জানান, ভোরের আকস্মিক ঝড়ে তার নিজেরসহ ইউনিয়নের অন্তত অর্ধশত বাসিন্দার ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। নয়ারহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হানিফা বলেন, ঝড়ে ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এদিকে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সবুর হোসেন বলেন, চিলমারীর ঝড়ের বিষয়টি শুনেছি। ঝরের সাথে জেলায় বৃষ্টিপাতও হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় ১১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ০৪ এপ্রিল, ২০২২/ মওম

