আবু সায়েম
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের নেতৃত্বে ওয়ালাপালং বিটের জামতলী এলাকায় অভিযান চালিয়ে পাহাড়ি মাটি বোঝাই ১ টি অবৈধ ডাম্পার জব্দ করা হয়েছে। ২ এপ্রিল শনিবার কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সারওয়ার আলমের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাপ্ত তথ্য মতে, উখিয়া উপজেলার ওয়ালাপালং বিটের বিভিন্ন এলাকায় একটি শক্তিশালী চক্র অবৈধভাবে পাহাড় কেটে মাটি উত্তোলন করে আসছিল।
বিষয়টি কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নজরে আসলে তিনি অভিযানের নির্দেশ দেন। পরবর্তীতে রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে উখিয়া উপজেলার ওয়ালাপালং বিটে বিটকর্মকর্তা বজলুর রশিদ, বনকর্মী, হেডম্যান ও ভিলেজারদের সহযোগিতায় অভিযান চালিয়ে পাহাড় কেটে পাহাড়ি মাটি উত্তোলনের দায়ে মাটি বোঝাই ডাম্পার আটক করা হয়।এদিকে অপর অভিযানে, উখিয়া উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীবের নেতৃত্বে উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম ও একদল বনকর্মীদের সহযোগিতায় অবৈধভাবে মাটি কাটার দায়ে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নে অভিযান চালিয়ে ২ টি ডাম্পার আটক করা হয়। নবাগত ইউএনও ইমরান হোসাইন সজীব বলেন,পাহাড় কেটে বালি ও মাটি উত্তোলন রোধে প্রশাসন সজাগ রয়েছেন। কোন মতেই পাহাড় কেটে বালি ও মাটি পাচার করা যাবে না। সরকারি সম্পদ রক্ষার্থে আমরা সজাগ এবং সতর্ক রয়েছি।অবৈধ ডাম্পার মালিক ও পাচারকারী সিন্ডিকেটদের চিহ্নিত করে শীঘ্রই আইনের আওতায় আনা হবে। যতো বড় প্রভাবশালী হোক না কেন অবৈধ ডাম্পার মালিক ও জড়িতদের ছাড় দেওয়া হবে না। উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান,-পাহাড় কেটে মাটি উত্তোলনের দায়ে পৃথক অভিযান চালিয়ে ৩ টি ডাম্পার আটক করা হয়।ডাম্পার আটক পূর্বক রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে । এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরো জানান, -পাহাড় কেটে মাটি ও বালি উত্তোলন আর অবৈধ ডাম্পারের বিরুদ্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সারওয়ার আলম বলেন,বনবিভাগ বনভূমি জবরদখল, অবৈধ কাঠ পাচার এবং পাহাড় কাটার বিরুদ্ধে সজাগ ও সতর্ক রয়েছেন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে উখিয়া রেঞ্জ ও উখিয়া উপজেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করে পাহাড় কেটে মাটি পাচারের দায়ে ৩ টি অবৈধ ডাম্পার আটক করে।সংশ্লিষ্ট আসামী এবং জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হবে।সরকারি সম্পদ রক্ষার্থে বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
আলোকিত প্রতিদিন/ ০২ এপ্রিল, ২০২২/ মওম
- Advertisement -

