ইমরান নাজির
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা তীরবর্তী প্রায় ১৪ কিলোমিটার জুড়ে বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে দেশীয় তৈরী সাতটি ড্রেজার মেশিন, প্রায় দু’হাজার মিটার পাইপ অকেজোসহ ভ্রাম্যমান আদালতে স্থানীয় প্রধান শিক্ষকসহ তিন ব্যবসায়ীকে ৫ লাখ টাকা জড়িমানা করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, শিবালয়ের যমুনা নদী তীরবর্তী বিভিন্ন পয়েন্টে দলীয় পরিচয়ে চিহ্নিত ব্যক্তিরা রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল। এমন খবরে উপজেলা প্রশাসন এসব ড্রেজার ও অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাহবুবুর ইসলাম ৩১ মার্চ বৃহস্পতিবার জানান, শিবালয় উপজেলার তেওতা ও পাটুরিয়া ঘাট এলাকায় অবৈধ ড্রেজার ধ্বংসসহ জড়িত তিনজনকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এরা হচ্ছে, নালী-বড়রিয়া কৃষ্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোন্তাজ আলী, তেওতার রবিউল ইসলাম ও ইমদাদুর রহমান। নদী-খাল-বিলসহ যে কোন স্থানে অবৈধ মাটি কাটা বা ড্রেজিংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

