মোঃ আনোয়ার হোসেন
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর আহম্মদপুরে কলেজ ছাত্র আরিফুল ইসলাম ভূইয়া রাফির খুনিদের ফাঁসির দাবিতে ৩১ মার্চ বৃহস্পতিবার সকালে নবীনগর -কোম্পানিগঞ্জ সড়কে বটতলী বাসস্ট্যান্ডে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করে কলেজের শিক্ষার্থী ও গ্রামবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন, লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, লাউর ফতেহপুর আর এন টি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-আমিন খান, ব্যারিষ্টার জাকির আহাম্মদ কলেজের প্রভাষক আব্দুল মান্নান, সিনিয়র শিক্ষক রিপন খান, মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুজ্জামান দিপু। মানববন্ধনে অংশ নেয় শিক্ষক, ছাত্র, সাংবাদিক, জনপ্রতিনিধি, এবং পরিবারের সদস্যরাসহ এলাকাবাসী।বক্তারা বলেন, রাফি ভূইয়া জেলা পুলিশে কনস্টেবল পদে চাকুরির জন্য ঘর থেকে মা-বাবার দোয়া নিয়ে বের হয়েছিলেন। কিন্তু একই এলাকার বখাটে প্রদীপ হোসেনরা তাকে আর পুলিশে ইন্টারভিউ দেওয়ার জন্য যেতে দেয়নি, কি তার অপরাধ? রাফি ভূঁইয়া হত্যাকান্ডের ঘটনায় তাঁর বাবা নিয়ামুল ভূইয়ার করা মামলার প্রধান আসামী প্রদীপ হোসেন(২০)কে গ্রেপ্তার করলেও বাকীরা গ্রেপ্তার হয়নি। বাকীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবী করেন। এলাকায় প্রদীপ হোসেন ও তার সাঙ্গপাঙ্গ দীর্ঘদিন যাবৎ ছাত্রীদের ইভটিজিংসহ অপকর্ম করে আসছে। তার অভিভাবকদের জানানোর পর গতি আরো বৃদ্ধি পায়। এলাকার মানুষ প্রতিবাদ করলে প্রদীপ হোসেন তার সাথে থাকা এই ছুরি দিয়ে ভয় দেখাতো। পরে তারা মানববন্ধন শেষে লাউরফতেহপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিক্ষোভ মিছিল করেন।
আলোকিত প্রতিদিন/ ৩১ মার্চ, ২০২২/ মওম
- Advertisement -

