মোঃ আনোয়ার হোসেন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমি নিয়ে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে । ৩০ মার্চ বুধবার সকাল ৯ টায় উপজেলার ধরখার ইউনিয়নের চান্দপুরে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে ৮ জন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তারা হলেন জসিম (৩০), দেলোয়ার (৩০), মামুন (৪০), জয়নাল (৩২), সাফিয়া (৬৫), সাহেদ (১৬), সিরাজ (৩৫) ও রুবেল (৩৬)।আহত বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। আখাউড়া থানার ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিমল কর্মকার জানান, চান্দপুর গ্রামের বাসিন্দা রুবেলের চাচার একটি জমি নিয়ে একই গ্রামের বাসিন্দা জহিরের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জের ধরে সকালে রুবেল এবং জহিরপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে কয়েকজন আহত হয়েছেন।
আলোকিত প্রতিদিন/ ৩০ মার্চ, ২০২২/ মওম
- Advertisement -

