ক্রীড়া ডেস্ক
ঘরের মাঠে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারলে ওয়ানডে র্যাঙ্কিংয়ে সাত থেকে ছয়ে ওঠার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু তামিম ইকবালরা আফগানদের হারাতে পেরেছিল ২-১ ব্যবধানে। গতকাল অস্ট্রেলিয়ার কাছে প্রথম ওয়ানডেতে পাকিস্তান হেরে যাওয়ায় সেটি সৌভাগ্য বয়ে এসেছে বাংলাদেশের জন্য। ৫বছর পর র্যাঙ্কিংয়ের ছয়ে উঠেছে বাংলাদেশ।সর্বশেষ ২০১৭ সালে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে লাল-সবুজ দল ছয়ে উঠেছিল। অবশ্য র্যাঙ্কিং টেবিলে বাংলাদেশ-পাকিস্তানের রেটিং পয়েন্টের ব্যবধান একই। পাকিস্তান প্রথম ওয়ানডেতে হেরে যাওয়ায় ভগ্নাংশের হিসেবে এগিয়ে গেছে বাংলাদেশ। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ২-১-এ ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জেতা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৩৬ ম্যাচে ৯৩.০৬; পাকিস্তানের ৯৩ পয়েন্ট। ফলে এই উত্থান-পতন ক্ষণস্থায়ী। পরের ম্যাচে অস্ট্রেলিয়া জিতলে রেটিং আরও কমে যাবে পাকিস্তানের।
আলোকিত প্রতিদিন/ ৩০ মার্চ, ২০২২/ মওম

