আব্দুল সাত্তার, চট্টগ্রাম
চট্টগ্রামে ১২ দিন আগে হাসপাতালে বিয়ে হওয়া ক্যানসার আক্রান্ত ফাহমিদা কামাল (২৭) আর নেই। ২১ মার্চ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম মহানগরীর মেডিকেল সেন্টার হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, ৯ মার্চ রাতে জিইসি মোড়স্থ চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালের ৪০৫ নম্বর কেবিনে ইসলামি শরীয়াহ অনুযায়ী এক টাকা দেনমোহরে ফাহমিদা এবং মাহমুদুল হাসানের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর ফাহমিদাকে বাকলিয়ায় তাদের বাসায় নেওয়া হয়। গতকাল রবিবার দুপুরে ফাহমিদার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আবারও মেডিকেল সেন্টার হাসপাতালে নেওয়া হয়। ফাহমিদার চাচা ইউসুফ আলম বলেন, মৃত্যুর পর বাকলিয়ার বাসায় আনা হয়েছে ফাহমিদার মরদেহ। আসরের নামাজের পর জানাজা শেষে তার দাফন সম্পন্ন হবে। ফাহমিদা কামাল ব্যবসায়ী কামাল উদ্দিন ও শিউলি আক্তারের মেজ সন্তান। তাঁরা দুই বোন, এক ভাই। বড় বোন থাকেন বিদেশে এবং ছোট ভাই বিবিএ পড়েন। ফাহমিদা কামাল আইইউবি থেকে বিবিএ-এমবিএ শেষ করেছেন। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কর্মকর্তা সাইফুদ্দিন সাকীর নাতনি।
আলোকিত প্রতিদিন/ ২১ মার্চ, ২০২২/ মওম
- Advertisement -

