আজ বৃহস্পতিবার, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৬ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

ইয়াবা দিয়ে সহকর্মীকে ফাঁসাতে গিয়ে গ্যাঁড়াকলে ব্যাংক কর্মকর্তা

আরো খবর

প্রতিনিধি, মেহেরপুর 

ইয়াবাসহ সহকর্মীকে ফাঁসাতে যেয়ে নিজেই গ্যাঁড়াকলে পড়েছেন মুজিবনগর উপজেলার দারিয়াপুর কৃষি ব্যাংকের অফিসার মোস্তফা মনোয়ার। ৫২ পিচ ইয়াবাসহ তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে। শুক্রবার রাত ১১ টার দিকে মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয়রা জানান, দারিয়াপুর কৃষি ব্যাংক শাখার কর্মকর্তা মোস্তফা মনোয়ার ও একই শাখায় কর্মরত অপর কর্মকর্তা তৌহিদুর রহমান বাবু একই বিল্ডিংএ (ফ্লাট বাড়ি) ভাড়া থাকে। তৌহিদুর রহমান বাবুকে ফাঁসানোর জন্য নিজের ফ্লাটে ইয়াবা রেখে দিয়ে সহকর্মী বাবুকে ঘরের চাবি দিয়ে তাকে ঘরে থাকার জন্য বলেন। শুক্রবার রাত ১১ টার দিকে মোস্তফা মনোয়ার শহরের স্টেডিয়ামপাড়ায় ফ্লাটে প্রবেশ করে বাবুর একটি পালসার মোটরসাইকেল (পাবনা-ল-১১-৫৫৬৩) ভাঙচুর করে। পরে বাড়ির মালিক সাইফুল তার লোকজন নিয়ে মোস্তফা মনোয়ারকে মারপিট করে তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মেহেরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে ব্যাংক কর্মকর্তা মোস্তফা মনোয়ারকে আটক করে। এসময় তার ঘর থেকে পুলিশ ৫২ পিচ ইয়াবা উদ্ধার করে। তবে কতটা ইয়াবা সেখান থেকে প্রকৃত উদ্ধার হয়েছে তার কোন সঠিক তথ্য পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি ওখানে প্রায় ২শ পিচ ইয়াবা তারা দেখেছে। এসময় কৃষি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক শারমিন আক্তারকে বিষয়টি নিয়ে রাতভোর ছুটাছুটি করতে দেখা গিয়েছে। ভবনে সাংবাদিকদের প্রবেশে অঘোষিত নিষেধাজ্ঞা জারি করে পুলিশ। মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) জুলফিকার আলী বলেন, দারিয়াপুর কৃষি ব্যাংক শাখার অফিসার মোস্তফা মনোয়ারের ঘর থেকে ৫২ পিচ ইয়াবা সহ তাকে আটক করা হয়েছে। শাখার অপর অফিসার তৌহিদুর রহমান বাবুর কোন সম্পৃক্ততা পাওয়া যায়নি। আজ শনিবার তাকে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে। মেহেরপুর কৃষি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক শারমিন আক্তার বলেন, পুলিশের রিপোর্টের পর আমরা বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে। তিনি আরো বলেন, শনিবার কুষ্টিয়ায় আমাদের মিটিং আছে তাই নিয়ে ব্যস্ত আছি।

আলোকিত প্রতিদিন/ ০৫ মার্চ, ২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -