আবু সায়েম
কক্সবাজারে লোকালয় থেকে একটি বিপন্ন গন্ধগোকুল উদ্ধার করে ভোমরিয়াঘোনা বিটের হিমছড়ি এলাকায় সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেছেন কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ঈদগাঁ রেঞ্জের বনকর্মীরা।
বনবিভাগ সূত্রে জানা যায়, ২৮ ফেব্রুয়ারী ( সোমবার) সন্ধ্যায় কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকারের নির্দেশে ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খাঁনের নেতৃত্বে ঈদগাঁও নতুন রেলস্টেশন থেকে বিপন্ন গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে।
ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন খাঁন বলেন, গন্ধগোকুল সাধারণত সচারাচর তেমন দেখা যায় না। আস্তে আস্তে তা বিলুপ্তির পথে। গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও নতুন রেলস্টেশন থেকে ডিএফও’র নির্দেশে বিপন্ন গন্ধগোকুল উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৫ কেজি। গন্ধগোকুল উচ্চতায় দেড় ফুট এবং লেজসহ লম্বায় ৪ ফুট।
কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার বলেন, কক্সবাজারের ঈদগাঁওতে বিপন্ন গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। সাধারণত পথ ভুলে গিয়ে অথবা কারো তাড়া খেয়ে বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। কিন্তু বনকর্মীদের আন্তরিক প্রচেষ্টায় তা উদ্ধারপূর্বক ভোমরিয়াঘোনা বিটের হিমছড়ি নামক এলাকার সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ এলাকাবাসী সহ সচেতন মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
আলোকিত প্রতিদিন/ ১ মার্চ, ২০২২/ দ ম দ

