আজ বৃহস্পতিবার, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৬ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

কুষ্টিয়ায় গ্যাসবাহী ট্রাক উল্টে মহা সড়কে তীব্র যানজট 

আরো খবর

 শোভন শুভ কুষ্টিয়া :
 কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বহলবাড়িয়া এলাকায় রবিবার বিকেল ৩টার দিকে গ্যাসবাহী একটি ট্রাক উল্টে যায়। সড়কের ওপর ট্রাকটি আড়াআড়ি উল্টে যাওয়ায় পুরো সড়কটি বন্ধ হয়ে যায়। এরপর ২০ ঘণ্টা পার হলেও সেটি সরাতে পারেনি হাইওয়ে পুলিশ। এদিকে সড়কে ট্রাক পড়ে থাকায় উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ওসি ইদ্রিস আলী বলেন, উন্নতমানের বড় ক্রেন ছাড়া এই গ্যাসবাহী ট্রাক সরানো সম্ভব হচ্ছে না। দীর্ঘক্ষণ ধরে মহাসড়ক বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।  হাইওয়ে পুলিশ সূত্র জানায়, রবিবার বিকেলে মোংলা থেকে ১০ চাকার বড় ট্রাকটি প্রায় ১৭ টন এলপিজি নিয়ে নাটোর যাচ্ছিল। বেলা ৩টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর বহলবাড়িয়া এলাকায় ভাঙাচোরা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়। ট্রাকটি উল্টে আড়াআড়ি ভাবে সড়কে পড়ে থাকায় উভয়দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায। এই মহাসড়ক দিয়ে উত্তর ও দক্ষিণ বঙ্গের ৩২ জেলার মানুষের যাতায়াত।রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম পাবনার জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে একটি টিম পাঠান ঘটনাস্থলে। রাশিয়ান ওই টিম এসে গ্যাসভর্তি ট্রাকটি সরাতে গেলে তা বিস্ফোরিত হতে পারে- এমন ঝুঁকির কথা জানিয়ে চলে যান। এদিকে মহাসড়ক বন্ধ থাকায় এলাকার বিভিন্ন বিকল্প পকেট রাস্তা দিয়ে ভারি যানবাহন চলাচল করতে থাকে। এতে সরু সড়কগুলোতেও চাপ বেড়ে যায়। কয়েক জায়গায় ভেঙেও যায়।হাইওয়ে থানার ওসি ইদ্রিস আলী বলেন, ট্রাকটি সড়ক থেকে সরানোর জন্য স্থানীয়ভাবে সব রকম চেষ্টা চালানো হচ্ছে। বিস্ফোরণ হলে যাতে ক্ষতি না হয় সেজন্য উভয়পাশে বালুর স্তুপ রাখা হয়েছে। জানি না কখন সড়ক স্বাভাবিক হবে।জেলা প্রশাসক সাইদুল ইসলাম জানান, মহাসড়ক সচল করতে চেষ্টা চালানো হচ্ছে। গ্যাসবাহী ট্রাক হওয়ার কারণে একটু সময় লাগছে। সাবধানে কাজ করতে হচ্ছে। আরো কিছুটা সময় লাগতে পারে।
আলোকিত প্রতিদিন/ ২১ফেব্রুয়ারি ২০২২/মওম
- Advertisement -
- Advertisement -