মোঃ নুরুজ্জামান সবুজ
দীর্ঘ প্রায় ৩০ বছর পর পাবনার ভাঙ্গুড়ার উপজেলার খাঁনমরিচ ইউনিয়নের ময়দানদিঘি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এলাকাবাসী। ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে শহীদ মিনারটিতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে অযত্ন-অবহেলায় পড়ে থাকা শহীদ মিনারটি সংস্কার করে শ্রদ্ধা নিবেদনের জন্য উপযোগী করা হয়। জানা যায়, ভাষা শহীদদের স্মরণে প্রায় ৩০ বছর আগে উপজেলার খাঁনমরিচ ইউনিয়নের ময়দানদিঘী বাজারে সরকারি ভূমিতে নির্মাণ করা হয় একটি শহীদ মিনার। স্থানীয় ইউনিয়ন পরিষদের অর্থায়নে নির্মিত শহীদ মিনারটিতে স্থানীয় লোকজন প্রতি বছর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসছিলেন। কিন্তু রক্ষণাবেক্ষণ, অযত্ন আর অবহেলায় শহীদ মিনারটি ময়লার ভাগাড়ে পরিণত হয়। এ ছাড়া শহীদ মিনারটির প্রবেশ পথসহ জায়গা দখল করে ঘর নির্মাণের জন্য শহীদ মিনারটিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা অসম্ভব হয়ে পড়ে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হয়। পরবর্তীতে উপজেলা প্রশাসন দ্রুত শহীদ মিনারটি সংস্কার করে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত করে। দীর্ঘ দিন পর সোমবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারটিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। এদিন বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গুড়া উপজেলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খাঁন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বিপাশা হোসাইন, থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আসাদুর রহমান আসাদ ও ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠু শহীদ মিনারটিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এদিকে দীর্ঘ প্রায় ৩০ বছর পর ময়দানদিঘী শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে পেরে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। উল্লেখ্য এই শহীদ মিনার থেকে সরাসরি অনুষ্ঠান সম্প্রচারিত করে বেসরকারি টেলিভিশন ডিবিসি।
আলোকিত প্রতিদিন/ ২১ফেব্রুয়ারি ২০২২/মওম
- Advertisement -

