প্রতিনিধি ,শাজাহাপুর (বগুড়া):
দেশজুড়ে করোনা এবং ওমিক্রন ছড়িয়ে পড়ায় সরকারের দেয়া বিধি নিষেধও থামাতে পারছে না বগুড়ার শাজাহানপুরে ইউনিয়ন আওয়ামীলীগ সম্মেলন। শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানসহ সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, মিটিং নিষিদ্ধ হলেও উপজেলার বিভিন্ন স্থানে চলছে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার খরণা নাদুর পুকুর স্কুল মাঠ প্রঙ্গণে অনুষ্ঠিত হয় ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা। সামাজিক দুরত্ব মানাতো দূরে থাক মুখে মাষ্ক পড়ে স্বাস্থ্যবিধি মানার মতো কোন বালাই ছিল না সম্মেলনে। গত ২০ জানুয়ারী বিধি নিষেধ অমান্য করে উপজেলার রানীরহাট স্কুল মাঠে আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক একেএম আছাদুর রহমান দুলু। আগামী শুক্রবার (৪ ফেব্রুয়ারী) উপজেলার চোপীনগর ইউনিয়নে পূর্বে স্থগিত হওয়া সম্মেলনের সভাপতি পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী শনিবার (৫ ফেব্রুয়ারী) মাঝিড়া, রবিবার (৬ ফেব্রুয়ারী) গোহাইল, সোমবার (৭ ফেব্রুয়ারী) মাদলা এবং মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) আড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে তফশিল ঘোষনা করা হয়েছে।২১তারিখ পর্যন্ত বিধি নিষেধ আরোপ করা হলে থেমে থাকছেনা কোন কিছু। বিধি নিষেধের কারণে ওয়ার্ড বিএনপির সম্মেলন স্থগিত রয়েছে। ধর্মীয় সভা-সমাবেশ বন্ধ থাকায় বিভিন্ন ধর্মের অনেক ধর্মভীরু মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ থাকায় শিক্ষাদান ব্যহত হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানিক ক্ষয়-ক্ষতির জন্য ক্ষুব্ধ শিক্ষক সমাজ। যখন সব কিছুই বন্ধ তখন বিধি নিষেধ অমান্য করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্মেলনের নামে গণজমায়েত কেন বন্ধ হচ্ছে না। সরকারী দল বলে নাকি আওয়ামী লীগের সম্মেলনে করোনার কোন প্রভাব পড়বে না বলে প্রশাসনের নজরে পড়ছে না এমনটিই প্রশ্ন অনেকের।উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালেবুল ইসলাম জানান, আগামী ১৩ ফেব্রুয়ারী উপজেলার আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। তাই দ্রুত ইউনিয়ন সম্মেলন সম্পন্ন করা হচ্ছে। বিধিনিষেধ মেনেই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বলে জানান তিনি।উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ জানান, সরকারী নির্দেশনায় ১০০ জন লোক নিয়ে সামাজিক দুরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হয়েছে। এর বাহিরে কোন সভা, সমাবেশ করা যাবে না।
আলোকিত প্রতিদিন/ ৪ ফেব্রুয়ারি ২০২২/মওম

