প্রতিনিধি,নীলফামারী
নীলফামারীর কিশোরগঞ্জে নির্বাচনী সহিংসতায় রুবেল হোসেন (৩৫) নামের এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। রবিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার গাঢ়াগ্রাম ইউনিয়নের ৫ নং কেন্দ্র পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।স্থানীয়রা জানান, ঐ কেন্দ্রে ভোট গণনা শেষে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জনাব আলীকে বিজয়ী ঘোষণা করা হলে লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেন অন্তিকের সমর্থকরা এই ফলাফল প্রত্যাখ্যান করে কেন্দ্র ঘেরাও করে নির্বাচনে সংশ্লিষ্ট সকলকে আটকে রাখে।এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে লাঙ্গল প্রতীকের সমর্থকদের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে রুবেল হোসেন নামের একজন বিজিবির নায়েক নিহত ও কয়েকজন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে।ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ললিত চন্দ্র রায় ঘটনার সত্যতা স্বীকার করেছেন।জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিজিবি সদস্য নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তবে এ বিষয়ে কথা বলতে প্রশাসন, পুলিশ ও বিজিবির কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
আতারা // এপি

