আজ শুক্রবার, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

স্কুলছাত্র ফারুক হত্যা মামলা : ১০ জনের যাবজ্জীবন দণ্ডাদেশ

আরো খবর

প্রতিনিধি, ভাঙ্গুড়া

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মোবাইল ফোনে ডেকে নিয়ে স্কুলছাত্র ফারুক হোসেন (১৯) হত্যা মামলায় ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।গত বুধবার দুপুরে পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান তারেক এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন- ভাঙ্গুড়া পৌরসভাধীন চৌবাড়ীয়া এলাকার সূধীর চৌকিদারের ছেলে প্রভাস চন্দ্র দাস (১৮), শাহজাহান আলীর ছেলে শাহীন হোসেন (২১), ইব্রাহীম আলীর ছেলে শফিকুল ইসলাম (২১), মৃত. হুমায়ুন কবিরের ছেলে সাদ্দাম হোসেন (২০), শরৎনগরের শ্রী মন্তোষের ছেলে প্রিন্স (২০), চরভাঙ্গুড়ার হাফিজুর ওরফে হাফেজের ছেলে ফরিদ আহমেদ (২২), মোছাঃ বিলকিস বেগম (৪০), চৌবাড়ীয়া গ্রামের সন্নত আলীর ছেলে দুলাল হোসেন (২০), ইসহাক আলীর ছেলে ইউসুফ আলী (২২) ও চৌবাড়ীয়া গ্রামের মো. আব্দুল করিম (৪৫)।

নিহত ফারুক হোসেন  ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া ভদ্রপাড়া মহল্লার সাইদুল ইসলামের ছেলে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার দুই আসামি আব্দুল করিম ও বিলকিস। তবে অন্য আসামিরা পালাতক রয়েছে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৪ আগস্ট রাত ১১ টার দিকে বেড়ানোর কথা বলে মোবাইল ফোনে ডেকে নিয়ে যাওয়া হয় ফারুককে। এরপর থেকেই ফারুকের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে পরিবার থানায় অভিযোগ দিলে পুলিশ ফারুককে উদ্ধারে অভিযান শুরু করে। অভিযানের এক সপ্তাহ পর ভাঙ্গুড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান মো. ওসমান আলীর পুকুরের কচুরিপানার মধ্য থেকে ফারুকের লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় অজ্ঞাত কয়েকজনসহ  ১ সেপ্টেম্বর দুপুরে ১৮/২০ জনের নাম উল্লেখ করে  ফারুকের মা মোছা. আনোয়ারা খাতুন থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ ফোনের কললিস্টের সূত্র  ধরে তদন্ত করে আসামিদের গ্রেপ্তার করে। আসামিপক্ষের আইনজীবী একে.এম শামসুল হুদা ও এস.এম ফরিদ উদ্দিন বলেন, আমরা উচ্চ আদালতে আপিল করবো। সেখানে তাদের মক্কেলরা নিরপরাধ হিসেবে খালাস পাবেন বলে আশা প্রকাশ করেন তারা। রাষ্ট্রপক্ষের আইনজীবী দেওয়ান মজনুল হক জানান, এই মামলায় হত্যা প্রমাণিত। যার  পরিপ্রেক্ষিতেই তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সম্মানীত বিচারক।

 

আতারা // এপি

- Advertisement -
- Advertisement -