আবু সায়েম, কক্সবাজার
কক্সবাজারের উখিয়া রেঞ্জের অভিযানে ১১৭ টি বক উদ্ধারপূর্বক সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেছে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জ। শনিবার (৯ অক্টোবর) উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নেতৃত্বে উখিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিছু অসাধু ব্যবসায়ীর নিকট উদ্ধারপূর্বক রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়।পরবর্তীতে বিষয়টি কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সারওয়ার আলমকে অবগত করলে তিনি প্রাথমিক চিকিৎসা দিয়ে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করার নির্দেশ দেন। পরবর্তীতে উখিয়ার রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম উদ্ধারকৃত ১১৭ টি বক অবমুক্ত করেন। উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন,১১৭ টি বক পাচারকারীদের নিকট উদ্ধার করে রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়।পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা দিয়ে বকগুলো অবমুক্ত করা হয়। যোগদানের পর থেকে সরকারি সম্পদ রক্ষার পাশাপাশি বনজ সম্পদ রক্ষার্থে বিটকর্মকর্তা ও বনকর্মীদের সাথে নিয়ে রাত দিন কাজ করে যাচ্ছি।কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে পশুপাখি, জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি সরকারি সম্পদ রক্ষার্থে প্রাত্যহিক অভিযান অব্যাহত থাকবে। কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সারওয়ার আলম বলেন, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়াসহ যেসব এলাকায় যারা পশুপাখি শিকার করে ঐসব পাচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি সরকারি বনভূমি উদ্ধারে বনবিভাগ সচেষ্ট রয়েছে। সরকারি জমিতে কেউ স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ করা হবে এবং জবরদখলকারী,বনজ সম্পদ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বনভূমিসহ সরকারি সম্পদ রক্ষার্থে সচেষ্ট ভূমিকা পালন করবো। অভিযান চালিয়ে ভূমি জবরদখল এবং পাহাড়খেকোদের আইনের আওতায় আনা হবে। বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
আলোকিত প্রতিদিন/ ১০অক্টোবর,২০২১/ এইচ

