আলোকিত ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে শুক্রবার (১ অক্টোবর) থেকে অনিবন্ধিত মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করা হবে।বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।একই সঙ্গে অনিবন্ধিত মোবাইল উৎপাদন বা আমদানি, ক্রয়/বিক্রয় করলে টেলিযোগাযোগ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানায় তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিটিআরসি কর্তৃক জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধিত সিম কার্ডের সঙ্গে ট্যাগিং করে প্রতিটি মোবাইল ফোন নিবন্ধনের মাধ্যমে বিভিন্ন সরকারি সেবা গ্রহণ/প্রদান নিশ্চিত করা, অবৈধভাবে উৎপাদিত বা আমদানি করা মোবাইল ব্যবহার বন্ধের মাধ্যমে সরকারের রাজস্ব আহরণ নিশ্চিত, ব্যবহৃত মোবাইল চুরি ও অবৈধ ব্যবহার রোধ এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে সহায়তার জন্য গত ১ জুলাই ন্যাশনাল ইক্যুপমেন্ট আইডেন্টিটি রেজিস্টাারের (এনইআইআর) কার্যক্রম শুরু করা হয়েছে। আগামীকাল ১ অক্টোবর থেকে সব অবৈধ হ্যান্ডসেটের সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
বিজ্ঞাপ্তিতে আরও বলা হয়, মোবাইল ক্রয়ের আগে মেসেজ অপশন থেকে KYD ও ১৫ ডিজিটের IMEI নম্বর লিখে (উদাহরণ- KYD 123456789012345) ১৬০০২ নম্বরে পাঠিয়ে বৈধতা যাচাই করে নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। এছাড়া বৈধভাবে বিদেশ থেকে ব্যক্তিগতভাবে আনীত অথবা ক্রয়কৃত অথবা উপহারপ্রাপ্ত অনুমোদিত মোবাইল ব্যবহারের আগে ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
আলোকিত প্রতিদিন // আতারা

