জি,এম রাশেদুল ইসলাম
কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের ৬ বারের নির্বাচিত চেয়ারম্যান আলাহজ্ব মোঃ উমর ফারুখ এর সার্বিক তত্ত্বাবধানে সুভারকুটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার উন্নয়ন কর্মকান্ড অব্যাহত। চলতি অর্থ বছরে টিআর ও ব্যক্তিগত তহবিল হতে মাদরাসার এই উন্নয়ন কাজগুলো ধারাবাহিক ভাবে তিনি করে যাচ্ছেন। গতকাল হলোখানা ইউনিয়নের সুভারকুটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় সরেজমিন গিয়ে জানা যায়, মাদরাসার উন্নয়নকল্পে শিক্ষার্থীদের মনোরম পরিবেশে পাঠদানের জন্য ২৫টি জোড়া ব্রেঞ্চ তৈরি করা হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যবহারের জন্য দুটি জোড়া ল্যাট্রিনও তৈরির কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও মাঠ ভরাট ও মাদরাসার শ্রেণি কক্ষ ও অফিস কক্ষ মেরামতের উদ্যোগ গ্রহণ করেছেন মাদরাসার সভাপতি ও ইউপি চেয়ারম্যান উমর ফারুখ। তাকে সার্বিক সহযোগিতা করছে উক্ত মাদরাসার সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদ আলী বানু ও সদস্য মোঃ মজিবর রহমান। তারা এ সময় সাংবাদিকদের বলেন- এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাটি শিশুদের ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এলাকায় ব্যাপক গুরুত্ব বহন করছে। প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে অত্র মাদরাসার সভাপতি ও ইউপি চেয়ারম্যান উমর ফারুক টিআর ও ব্যক্তিগত উদ্যোগে নানামুখী উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রেখেছে। আমরা কাজগুলোর সার্বিক তদারকি করছি। চেয়ারম্যান উমর ফারুখ বলেন- আমি ইউনিয়নের চেয়ারম্যান এবং এই মাদরাসার সভাপতি হওয়ার সুবাদে মাদরাসাটির উন্নয়ন করার সুযোগ পেয়েছি। ইউনিয়ন পরিষদের আসা বরাদ্দগুলো আমি এই প্রতিষ্ঠানে প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করছি। প্রকল্প বরাদ্দ ছাড়াও আমার ব্যক্তিগত ভাবে মাদরাসার উন্নয়ন করা হচ্ছে। কুড়িগ্রাম সদর উপজেলা পিআইও খন্দকার ফিজারনুর রহমান বলেন- সুভারকুটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার অনুকূলে ১ লক্ষ ১৫ হাজার টাকার টিআর প্রকল্প দেয়া হয়েছে। ইতিমধ্যেই মাদরাসায় ২৫টি জোড়া ব্রেঞ্চ সরবরাহ করা হয়। প্রতিটি ব্রেঞ্চে প্রায় ৪ হাজার টাকা খরচ হয়েছে। সে অনুযায়ী ২৫টি বেঞ্চ তৈরিতে খরচ হয়েছে ১ লক্ষ টাকা। চেয়ারম্যান মহোদয় ব্যক্তি উদ্যোগে টিআর প্রকল্পের অবশিষ্ট ১৫ হাজার টাকা নিয়ে ২টি জোড়া ল্যাট্রিন নির্মাণ কাজ শুরু করেছে। এই ল্যাট্রিনটি নির্মাণ করতে আনুমানিক ব্যয় হবে প্রায় ৪০ হাজার টাকা। এ সময় উপস্থিত মানুষজন সাংবাদিকদের বলেন- একটি কুচক্রি মহল আমাদের স্বনামধন্য চেয়ারম্যানের সুনাম ক্ষুন্ন করার জন্য উঠে পড়ে লেগেছেন। তারা মিথ্যা অভিযোগের মাধ্যমে তাকে সামাজিক ভাবে হেয় করার চেষ্টা করছে।
আলোকিত প্রতিদিন/ ২৭ সেপ্টেম্বর,২০২১/ এইচ

