প্রতিনিধি,কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জের করিমগঞ্জে অগ্নিকাণ্ডে ৯টি ঘর পুড়ে গেছে। রবিবার(১২ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার দিকে কদিরজঙ্গল ইউনিয়নের ভাঙ্গিরচর গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, রাত পৌনে ১টার দিকে আব্দুর রহিমের গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ৯টি ঘর পুড়ে গেছে। এ সময় প্রতিবেশি আব্দুর রশিদের স্ত্রী মঞ্জিলা (৩৫) অগ্নিদগ্ধ হন। আগুনে আলমগীরের একটি গরুর মৃত্যু ও অপর একটি গরু অগ্নিদগ্ধ হয়েছে। করিমগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে রাত ১টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে। আগুনে আব্দুর রহিমের ৫টি ঘর ও আব্দুল খালেকের ৪টি ঘর পুড়ে গেছে। এ সময় এক নারী অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন। তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১৩ সেপ্টেম্বর ২০২১/ আর এম

