প্রতিনিধি, ব্যুরো চিফ :
দীর্ঘদিন ধরে যারা বাবুগঞ্জের খাল, বিলে ভেসাল(বেগ) জাল ও প্রতিটি খালের আশেপাশে অবৈধ ভাবে কারেন্ট জাল, টোনা জাল, চায়না জাল ও গড়া ব্যবহার করে প্রকাশ্যে মাছ শিকার করছে তাদেরকে ধরার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এলাকার গরীব কিছু লোক জীবিকা নির্বাহের তাগিদে খালের এপার-ওপার বরাবর বাঁশের বেড়া ও চাঁটাই দিয়ে মাঝে কিছু অংশ ফাঁকা রেখে সেখানে অবৈধ ভাবে প্রকাশ্যে ভেসাল(বেগ) জাল, ফাঁস জাল, ঠুশি জাল, ঝার জাল, গুড়ি জাল, গড়া জাল ও নেট জাল ও টোনা জাল পেতে রেখে নানা প্রজাতির ছোট-বড় মাছ শিকার করছে। মৎস্য আইনানুযায়ী উন্মুক্ত জলাশয়ে, খাল-বিলে মাছ চলাচলে প্রতিবন্ধকতা, খালে কোনো কিছু দিয়ে আড়াআড়ি বাঁধ দেয়া বা যে কোনো ধরণের ফাঁদ ব্যবহার ও স্থাপনা নির্মাণ এবং ভেসাল ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ। মৎস্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে, যারা অবৈধভাবে খাল বিলে ফাঁদ কিংবা জাল, গড়া, চায়না চাই, চায়না জাল এবং কারেন্ট জাল ব্যবহার করে খাল, বিল থেকে অবৈধ উপায়ে মাছ শিকার করছে,তাদের বিরুদ্ধে এ মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। যদিও মোবাইল কোর্ট পরিচালনার সময় সরাসরি কাউকে মাছ শিকার করতে দেখা যায়নি কিংবা জরিমানাও আদায় করা সম্ভব হয়নি। উক্ত মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয় রহমতপুরের ভূতের খালে। অভিযানে এ খালে ভেঙে ফেলা হয় অসংখ্য ছোটো বড় গড়া এবং জব্দ করা হয় ১৩ টি টোনা জাল। জব্দকৃত টোনা জালগুলো উপজেলা মৎস্য অফিসের সামনে নিয়ে পুড়িয়ে ফেলা হয়।অভিযানের ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব সাইদুজ্জামান বলেন, যারা অবৈধ উপায়ে মৎস্য আহরন করবে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্হা গ্রহন করা হবে। তিনি বলেন আমাদের দেশকে এক সময় মাছে ভাতে বাঙালি বলা হতো, এখন আগের মতো মাছ পাওয়া যায়না নদ, নদী ও খালে বিলে। তাই সরকারের নির্দেশনা অনুযায়ী অবৈধভাবে মাছ আহরন করতে দেয়া হবেনা, রক্ষা করতে হবে আমাদের বিভিন্ন প্রজাতির মাছগুলো। যাতে করে বর্ষা মৌসুমে ডিম ফুটে খাল, বিল নদী, নালা ভরে যেতে মাছে। তিনি সকল সচেতন নাগরিককে মৎস্য রক্ষায় সহযোগিতা করার জন্য আহবান করেন। তিনি আরও বলেন, যারা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে তাদের অবৈধ উপায়,অবলম্বন না করে বৈধ উপায়ে বরশি কিংবা ঝাকি জাল ব্যবহার করতে। তাদের এ অভিযান মৎস্য রক্ষায় সারা বছর অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/ ৯ সেপ্টেম্বর ২০২১/ আর এম
- Advertisement -

