আবু সায়েম, কক্সবাজার:
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন ধোয়াপালং রেঞ্জের অভিযানে খুনিয়াপালং বিটের দক্ষিণ খুনিয়াপালং এলাকায় ভূমিদস্যুদের দ্বারা অবৈধভাবে গড়ে উঠা ৪টি পানের বরজ ভেঙ্গে উচ্ছেদ করা হয়েছে।
এতে করে সরকারী সম্পদ ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৬ একর জমি। তবে ভূমিদস্যুদের কাউকে আটক করতে পারেনি।
৫ সেপ্টেম্বর (রবিবার ) ধোয়াপালং রেঞ্জের আওতাধীন খুনিয়াপালং এর সংরক্ষিত বিটে রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে বিট কর্মকর্তা ও অন্যান্য বনকর্মীদের সহযোগিতায় অবৈধ ভাবে গড়ে উঠা ৪ টি পানের বরজ উচ্ছেদ করা হয়।বিষয়টি অবগত করেছেন রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন ।
তিনি বলেন, ভূমিদস্যুদের জায়গা হবে না। যারা বন বিভাগের জমি দখল করে জবরদখল করছে তাদের আমরা কঠোর হাতে প্রতিরোধ করবো। বনবিভাগের জমিতে পানের বরজ উচ্ছেদ করে ৬ একর জমি উদ্ধার করা হয়েছে । অভিযানে খুনিয়াপালং বিটের কর্মকর্তা, অন্যান্য বনকর্মী, সামাজিক বনায়নের উপকারভোগীদের গঠিত টিম অংশ গ্রহণ করেন। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাঃ হুমায়ুন কবির বলেন, সরকারি বনভূমি উদ্ধারে বনবিভাগ সচেষ্ট রয়েছে। সরকারি জমিতে কেউ স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ করা হবে এবং জবরদখল কারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বনভূমি রক্ষার্থে সচেষ্ট ভূমিকা পালন করবো। অভিযান চালিয়ে ভূমি জবরদখল এবং পাহাড়খেকোদের আইনের আওতায় আনা হবে। বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
আলোকিত প্রতিদিন/ ৬ সেপ্টেম্বর ২০২১/ দ ম দ
- Advertisement -

