আবু সায়েম, কক্সবাজারঃ
কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন রামুর জোয়ারিয়ানালা রেঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে দখলবাজদের হামলায় ৮ জন বনকর্মী আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।বনবিভাগ সুত্রে জানা গেছে, শনিবার ৪ সেপ্টেম্বর কক্সবাজার উত্তর বনবিভাগের জোয়ারিয়া নালা রেঞ্জাধীন জোয়ারিয়ানালা বনবিটের বনভুমিতে ভিআইপি টিলা এলাকায় অবৈধভাবে মুরগীর ফার্ম নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযান শেষে ফেরার পথে অবৈধ দখলদার চক্রের চিহ্নিত ভূমিদস্যু ফয়সাল(৩২) সহযোগী ওবায়দুল (৩৪), কালাম(৩০), রুবেল আরিফ মহিউদ্দিনসহ অন্ততঃ ৪০ থেকে ৪৫ জন বনকর্মীদের উপর ন্যাক্কার জনক হামলা চালায়। প্রথম দফায় ভিআইপি টিলা এলাকায় এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়েছে ৮ জনকে। এতে গুরুতর আহতরা হলেন, জোয়ারিয়া নালা রেঞ্জ কর্মকর্তা সোলতান মাহমুদ টিটু, পিএমখালী রেঞ্জ কর্মকর্তা আবদুল জব্বার, এফজি বাসু দেব বনিক, বাগান মালি অসীম সরকারসহ ৮ জন আহত হয়। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে। কক্সবাজার বিশেষ টহল দলের অফিসার ইনচার্জ (ওসি) ও শহর রেঞ্জ কর্মকর্তা আবু খায়ের মোঃ এলাহী জানান, জোয়ারিয়া নালা রেঞ্জ কর্মকর্তা সোলতান মাহমুদ টিটুর নেতৃত্বে বিভিন্ন রেঞ্জ ও বিটের বনকর্মীরা অবৈধ উচ্ছেদ অভিযান থেকে ফেরার সময় পথিমধ্যে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। এতে ৮ জন আহত হয়েছে। জোয়ারিয়া নালা বনবিটের অধীনে ভিআইপি টিলা এলাকার আশপাশে বনবিভাগের জমিতে সৃজিত লেবু বাগান, মুরগীর ফার্ম, মাছের প্রজেক্টসহ বিভিন্ন অবৈধ স্থাপনার মালিকসহ ৪০/৪৫ জনের বনদস্যু তাদের উপর আক্রমন করে। এসময় ইটপাটকেল নিক্ষেপ, গুলিও বর্ষণ করে দখলবাজরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ভিআইপি টিলায় মুরগী ফার্ম, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ইতোপূর্বে অবৈধ লেবু গাছ উচ্ছেদের কৈফিয়ত চেয়ে বনকর্মীদের অবরুদ্ধ করে রাখে। বনকর্মীরা ফেরার চেষ্টা করলেও দফায় দফায় দখলবাজরা তাদের উপর হামলা চালায়। বনবিভাগ সূত্রে জানায়, সরকারি সম্পদ রক্ষার্থে উচ্ছেদ অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তা ও কর্মচারীদের উপর হামলার ঘটনার পর-পরই কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তহিদুল ইসলাম, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনয় চাকমা, কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শণ করেন। কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বনসংরক্ষক মোহাম্মদ সোহেল রানা জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ৮ টায় রামু উপজেলার জোয়ারিয়ারনালা এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কক্সবাজার উত্তর বনবিভাগের ৮ জন বনকর্মী গুরুতর আহত হন।এতে ৪ জনের অবস্থা খুবই আশংকাজনক। কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা তহিদুল ইসলাম বলেন,সরকারি সম্পদ রক্ষা করতে গিয়ে বনকর্মীদের উপর হামলা খুবই ন্যাক্কারজনক।এ ঘটনায় হামলাকারিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
আলোকিত প্রতিদিন/ ৪ সেপ্টেম্বর ২০২১/ আর এম
- Advertisement -

