প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার):
কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় মো. ইসমাইল (২৬) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার হারবাং নোয়াবাজার এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চিরিংগা হাইওয়ে পুলিশের এসআই টিটু। নিহত ইসমাইল পূর্ব বড় ভেওলা ইউনিয়নের নয়াপাড়ার মো. আবুল কালামের ছেলে। নিহতের মামা শিক্ষক মো. মানিক বলেন, আমার ভাগিনা নির্মাণাধীন রেললাইনে শ্রমিকের কাজ করে। সকাল ১০টায় নোয়াবাজার এলাকার হাইস্কুলের সামনে হেঁটে সড়কের একপাশ থেকে অন্যপাশে যাচ্ছিল সে। হঠাৎ কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে অচেতন অবস্থায় তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলোকিত প্রতিদিন/ ৪ সেপ্টেম্বর ২০২১/ দ ম দ
- Advertisement -

