প্রতিনিধি, সীতাকুণ্ড:
চট্রগ্রামের সীতাকুণ্ডে ভাসানচর থেকে ভেসে আসা আরো এক রোহিঙ্গা শিশুর লাশ পাওয়া গেছে। উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর সমুদ্র উপকুলীয় এলাকার কেওড়া বনে অজ্ঞাতনামা এক রোহিঙ্গা ছেলে শিশুর (৮) লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ রোহিঙ্গা শিশুর লাশটি উদ্ধার করেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এরপর কোস্টগার্ডের সদস্যদের কাছে লাশটি হস্তান্তর করা হয়। উক্ত শিশুর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক। তিনি আলোকিত প্রতিদিনকে বলেন, সন্ধ্যা সাতটার দিকে পশ্চিম সৈয়দপুর সাগর উপকূলে কেওড়াবন থেকে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে অবহিত করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ শুক্রবার সকালে কোস্টগার্ডের সদস্যদেরা সীতাকুণ্ড থানা থেকে রোহিঙ্গা শিশুর লাশটি ভাসানচরে নিয়ে যাবে বলে তিনি জানান
এর আগে বুধবার সকাল ১০ টার দিকে সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র তীরে ১০/১২ বছর বয়সী আরেক রোহিঙ্গা কন্যা শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এ নিয়ে চট্টগ্রামের সন্দ্বীপ ও সীতাকুণ্ড উপকূলে বিভিন্ন সময় সর্বমোট ১৩ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করেছে পুলিশ।
এর আগে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ভাসানচরের রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রামের সন্দ্বীপের কাছে বঙ্গোপসাগরে রোহিঙ্গাদের বহনকারী ট্রলার ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। স্থানীয় সুত্রে জানা গেছে ডুবে যাওয়া ওই ট্রলারটিতে নারী ও শিশুসহ ৪১ জন রোহিঙ্গা ছিল। তাদের মধ্যে গত শনিবার ভোরে ১৪ জনকে জেলেরা উদ্ধার করেন। নিখোঁজ রয়েছে আরো ২৭ জন রোহিঙ্গা।
আলোকিত প্রতিদিন/ ২০ আগস্ট ২০২১/ দ ম দ
- Advertisement -

