ক্রাইম রিপোর্টার,নোয়াখালীঃ
নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় বঙ্গোপসাগরে রোহিঙ্গা যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় এক শিশুর মরদেহ ও একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো নারী পুরুষ ও শিশুসহ অন্তত ২৫জন নিখোঁজ রয়েছে বলে জানা যায়। নিখোঁজ রোহিঙ্গারা হলো,ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের সেতারা বেগম (২৬),হেদায়েত উল্লাহ (৪),হামিদা(৩০) ও তার মেয়ে রশিদা (১১) এনা উল্লাহ (৭),পরমিন (৩),সুপাইরা (৮) কিসমত আর (৬) ফেরদৌস (৫) সকিনা (৪) নুর আয়শা (৩মাস),আবুল বাসার(৯),তসলিমা (৬), নুর কালিমা (২),লাইলী (২০),মোস্তাকিম (৪) ঈমান হোসেন (১১) রফিক (২৭) মিনার বেগম (২৫) নবী হোসেন (৭) রাজুমা (৫) আব্দুল হাফেজ (১০) নুর হাফেজ(৭) নুর কামাল (৫) ইমরান হাসান (৪মাস)সহ ২৫জন নিখোঁজ রয়েছেন। রোববার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে ভাসানচর থানা পুলিশের কাছে নৌবাহিনী সদস্যরা উদ্ধার হওয়া শিশুর লাশ হস্তান্তর করে। উদ্ধার হওয়া নিহত শিশু আবুল হাফেজ (১০)। সে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৫৪ নং ক্লাস্টারের কে-৭ নং কক্ষের বাসিন্দা আমির হামজার ছেলে। এর আগে শনিবার রাতে নিখোঁজ আবদুর রহমান (৩৫) নামের এর রোহিঙ্গাকে জীবিত অবস্থায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীরহাট এলাকা থেকে উদ্ধার করা হয়। ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুর ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত শুক্রবার রাত ১১টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ক্লাস্টার থেকে ৪১ জন রোহিঙ্গা নারী ও শিশু ইঞ্জিন চালিত একটি মাছ ধরার ট্রলার যোগে পালিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন। রাত আনুমানিক দেড়টা থেকে ২টার দিকে ভাসানচর থেকে ২০ কিলোমিটার দূরে চট্টগ্রাম ও হাতিয়া উপজেলার মধ্যবর্তী এলাকা চট্টগ্রামের বঙ্গোপসাগর এলাকায় পৌঁছার পর ঝড় বাতাসের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়। এসময় নারী পুরুষ ও শিশুদের চিৎকার শুনে আশপাশে মাছ ধরারত জেলে নৌকা এগিয়ে এসে ১৪জনকে জীবিত উদ্ধার করেন। বাকিরা স্রোতের তোড়ে ভেসে যান। উদ্ধার হওয়া আহত রোহিঙ্গাদেরকে নিয়ে জেলেরা শনিবার সকালে ভাসানচর ক্যাম্পে পৌঁছে দেয়। জীবিত উদ্ধার হওয়া ২৩ নং ক্লাস্টারের সানামুল্লা ও ইয়াসমিন জানান, রাতে ভাসানচর থেকে বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে তারা মাছ ধরার ট্রলার যোগে চট্টগ্রাম পালিয়ে যাচ্ছিল। হালকা গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে পলিথিনের নিচে নারী ও শিশুরা ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ করে প্রবল গতিতে বাতাস আসলে তাদের বহনকারী ট্রলারটি উল্টে যায়। নিখোঁজদের ১৫-১৬ জন শিশু ছিল। নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজদের মধ্যে জীবিত অবস্থায় এক যুবককে শনিবার রাতে এবং মৃত অবস্থায় এক শিশুকে রবিবার বিকালে নৌবাহিনীর লোকজন উদ্ধার করে। নিখোঁজ রোহিঙ্গাদের উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে।

