তালেবানরা পূর্বে আফগানিস্তানের ছোট ছোট জেলা শহর দখলে নিলেও প্রাদেশিক রাজধানী দখল করার মত ঘটনা এই প্রথম ঘটল। তালেবান বাহিনী দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ দখলে নিয়েছে । বিবিসি সূত্রে জানা যায়, ৬ আগস্ট শুক্রবার বিকেলের দিকে জারাঞ্জ দখল করে নেয় তালেবান যোদ্ধারা। নিজেদের টুইটারে সেই ঘোষণাও দেয় তালেবান। নিমরোজের ডেপুটি গভর্নর রোহ গুল খায়রজাদ জানায়, প্রায় বিনা যুদ্ধেই জারাঞ্জ দখল করে নেয় তালেবান যোদ্ধারা। তিনি বিবিসি কে আরও বলেন, অনেক আগে থেকেই এ প্রদেশ হুমকির মুখে ছিল। এটা জানা সত্বেও কেন্দ্র থেকে পর্যাপ্ত সামরিক সাহায্য পাওয়া যায়নি । আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহার শুরুর পর থেকেই তালেবান সেখানে বেশ দ্রুতগতিতে বিভিন্ন এলাকা দখল করতে শুরু করে। তালেবান এরই মধ্যে আফগানিস্তানের বিস্তীর্ন গ্রামীন এলাকা দখল করে নিয়েছে। এখন তারা বড় বড় শহর টার্গেট করছে। সে লক্ষ পূরণেই জারাঞ্জ দখল নিয়েছে তালেবান বাহিনী। জারাঞ্জ হচ্ছে ইরান সীমান্তের কাছে খুবই গুরুত্বপূর্ণ এক বাণিজ্য কেন্দ্র। আরও দুটি প্রাদেশিক রাজধানী তালেবানের হামলার মুখে খুবই নাজুক অবস্থায় আছে। এর একটি পশ্চিমের হেরাত এবং অপরটি দক্ষিণের লস্কর গাহ। আফগান সামরিক সূত্র থেকে বলা হয়েছিল, দক্ষিণের লস্কর গাহ শহরে চলমান লড়াইয়ে তালেবানের শীর্ষ কমান্ডার মলাওউয়ি মুবারক এবং বেশ কিছু বিদ্রোহীকে হত্যা করা হয়েছে। তালেবান এই দাবি অস্বীকার করে বলেছে, ওই কমান্ডার জীবিত আছেন। তালেবান লস্কর গাহ, হেরাত ও কান্দাহার দখলের জন্য তুমুল লড়াই চালাচ্ছে। সরকারি বাহিনীও কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ শহরগুলোতে তাদের নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া হয়ে লড়াই চালাচ্ছে। আফগানিস্তানে লড়াইয়ের তীব্রতা ও সহিংসতা বৃদ্ধি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শনিবার একটি বৈঠক ডেকেছে।
আফগানিস্তানের প্রাদেশিক রাজধানী জারাঞ্জ তালেবান যোদ্ধাদের দখলে
- Advertisement -

