প্রতিনিধি, পঞ্চগড়:
কঠোর লকডাউনের প্রথম দিনেই অঘোষিতভাবে লকডাউনের আওতামুক্ত ছিল পঞ্চগড়ের পশুরহাট। স্বাস্থ্যবিধি না মেনেই গরু-ছাগলসহ ক্রেতা-বিক্রেতাদের ভিড় ছিল জেলা শহরের রাজনগর হাটে। এছাড়া এ পশুরহাটে ভারত থেকে অবৈধ পথে আসা গরুর সংখ্যা ছিলো চোখে পড়ার মত। এতে করোনার ভারতীয় ভেরিয়েন্ট ছড়ানোর আশঙ্কা করছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (১ জুলাই) পঞ্চগড় পৌর শহরের পূর্ব জালাসী এলাকার রাজনগর গরুর হাটে গিয়ে এ চিত্র দেখা গেছে। হাটে গিয়ে দেখা যায়, স্বাস্থ্যবিধি না মেনেই চলছে হাট কার্যক্রম। অধিকাংশ ক্রেতা-বিক্রেতার মুখেই মাস্ক নেই। কেউ কেউ মাস্ক থুতনিতে নামিয়ে রেখেছেন। দিনব্যাপী কোনো প্রশাসনিক তদারকিও দেখা যায়নি। জেলার সবচেয়ে বড় পশুরহাট এটি। দীর্ঘদিন থেকে এ হাটসহ আশ পাশের হাটগুলোতে অবৈধ পথে আসা ভারতীয় গরু কেনা বেচা হয়ে আসছে। করোনার উচ্চ ঝুঁকিতেও বন্ধ নেই সীমান্ত দিয়ে আসা ভারতীয় গরুর সরবরাহ।
আলোকিত প্রতিদিন/ ২ জুলাই, ২০২১/ দ ম দ
- Advertisement -

