আলোকিত ডেস্ক:
বৃহস্পতিবার (২৪ জুন) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর খিলগাঁও রেল ক্রসিং এলাকায় রাস্তা পারাপারের সময় ইলিয়াস মাহমুদ কিরণ (৪৭) নামে এক ব্যবসায়ী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মেয়ে মিম বলেন,আমার বাবার খিলগাঁও বাজারে দোকান আছে। খিলগাঁও রেল ক্রসিং পার হয়ে দোকানে যেতে হয়। সকালে দোকানে যাবার সময় ট্রেনে কাটা পড়ে তার দুই পা বিচ্ছিন্ন হয়। মুমূর্ষ অবস্থায় ইলিয়াস মাহমুদ কিরণ কে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিম আরও জানান, আমরা শাজাহানপুর রেল কলোনি এ/৩০ নম্বর বাসায় থাকি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনে কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন হওয়া এক ব্যক্তি খিলগাঁও রেল ক্রসিং এলাকা থেকে ঢাকা মেডিকেলে আসেন। কিছুক্ষণ পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলোকিত প্রতিদিন/২৪জুন ২০২১/আর এম

