আবু সায়েম, কক্সবাজার:
কক্সবাজার উত্তর বনবিভাগের স্পেশাল টিমের পৃথক অভিযানে ১৮০ ঘনফুট কাঠসহ ট্রলি ও ডাম্পার গাড়ি আটক করা হয়েছে । বনবিভাগ সূত্রে জানা যায়, ১২ জুন (শনিবার) রাত ১০ টায় কক্সবাজার কলাতলী ডলফিন মোড় থেকে শহরমুখী ট্রলি গাড়ি অবৈধভাবে কাঠ পাচারের সময় ২ টুকরো গর্জন ও ১ টুকরো মেহগনি গোল কাঠ জব্দ করা হয়েছে । জব্দকৃত কাঠের পরিমাণ প্রায় ৩০ ঘনফুট । অপর আরেক অভিযানে ১২ জুন ( শনিবার) রাত ১১ টায় কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কের রাবার বাগান এলাকায় অবৈধ জ্বালানি কাঠ বোঝাইকালে ডাম্পার গাড়িসহ আটক করা হয়। জ্বালানি কাঠের পরিমাণ প্রায় ১৫০ ঘনফুট। স্পেশাল টিমের ওসি একেএম আতা এলাহী বলেন, পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৮০ ঘনফুট কাঠ জব্দ করে রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে । কাঠগুলোর আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা । কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বনসংরক্ষক সোহেল রানা বলেন, বনবিভাগ বনভূমি জবরদখল, অবৈধ কাঠ পাচার এবং পাহাড় কাটার বিরুদ্ধে সজাগ ও সতর্ক রয়েছেন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে পৃথক অভিযানে ১৮০ ঘনফুট কাঠ উদ্ধার পূর্বক পরিবহনকালে নিয়োজিত ডাম্পার গাড়ি সহ আটক করে রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে। সংশ্লিষ্ট আসামী এবং জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হবে ।
আলোকিত প্রতিদিন/ ১৩ জুন, ২০২১/ দ ম দ
- Advertisement -

