আজ সোমবার, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

সাভারে জোড়া মরদেহের পরিচয় মিলেছে: আটক ৭

আরো খবর

নিজস্ব প্রতিনিধি:
ঢাকার পাশাপাশি পাটক্ষেত ও ধঞ্চেক্ষেত থেকে উদ্ধার হওয়া মরদেহ দুটির পরিচয় জানা গেছে। সম্পর্কে দুজন খালাতো ভাই। উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হিরুলিয়া গ্রামের চক থেকে শুক্রবার সকালে মরদেহ দুটি উদ্ধারের পর দুপুর ১টার দিকে পরিচয় নিশ্চিত করে পুলিশ। নিহতরা হলো সাভার থানার যাদুরচর উত্তরপাড়া এলাকার মো. রতনের ছেলে রায়হান। সে স্থানীয় হেমায়েতপুর এলাকার আলনাছির ল্যাবরেটরি স্কুলের এসএসসি পরীক্ষার্থী। অপর আরেকজন বরিশালের গৌরনদী থানার পশ্চিম শেওরা গ্রামের নেছার মোল্লার ছেলে নাজমুল। সেও বরিশালে একটি স্কুলের এসএসসি পরীক্ষার্থী। নাজমুল ও রায়হান সম্পর্কে খালাতো ভাই। নিহত রায়হানের আত্মীয় শাবানা বেগম জানান, গতকাল নাজমুল বরিশাল থেকে তার খালাতো ভাই রায়হানের বাসায় হেমায়েতপুর বেড়াতে আসে। পরে সন্ধ্যার পর তারা বাসা থেকে বেরিয়ে আর ফেরেনি। ভোরে ক্ষেতে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা সবাইকে খবর দেন। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, সিআইডি, পিবিআই, গোয়েন্দা ও থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ দুটি শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি বলেন, ‘ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করা হয়েছে। আমরা তদন্তের স্বার্থে আপাতত তাদের পরিচয় জানাতে পারছি না।’ ‘সিআইডি, পিবিআই ও গোয়েন্দা পুলিশ হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট।’

আলোকিত প্রতিদিন/ ১১ জুন, ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -